ইরানের হু মকি ও প্রাণনাশের আশঙ্কায় নিভৃতচারী জীবনযাপন করছেন ব্যারন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট সন’ ব্যারন ট্রাম্প (২০) বর্তমানে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা এক নিভৃতচারী জীবনযাপন করছেন। বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ধারাবাহিক হত্যাচেষ্টা এবং রাজনৈতিক সহিংসতার ক্রমবর্ধমান পরিস্থিতির কারণেই তিনি নিজেকে লোকচক্ষুর আড়ালে সরিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের পাঠ চুকিয়ে ব্যারন তার গ্রীষ্মকালীন ছুটির বেশিরভাগ সময় মা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে কাটাচ্ছেন।
২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত অন্তত তিনবার হত্যাচেষ্টার হাত থেকে বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকার শত্রুদের নজর থেকে রক্ষা পাননি তার ছোট ছেলে ব্যারনও। সম্প্রতি ইরানের কট্টরপন্থিরা "ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা যায়" শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে তার মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে।
এর পাশাপাশি ফার্স্ট লেডিও তাদের নিশানায় রয়েছেন। এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও ব্যারনের ঘনিষ্ঠ বন্ধু চার্লি কার্কের হত্যাকাণ্ডের ঘটনাটিও ব্যারনকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই ঘটনার পর ব্যারন তার বাবাকে বলেছিলেন, “বাইরে গেলে এমনই পরিণতি বরণ করতে হয়।”
এই ধারাবাহিক হুমকির কারণে ব্যারনের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার ওপর জোর দিয়েছে ফার্স্ট লেডির কার্যালয়। জানা গেছে, ২০২২ সালের মার্চে ব্যারনের বয়স ১৬ পূর্ণ হলে তার সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহারের কথা থাকলেও মেলানিয়ার বিশেষ অনুরোধে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তা বাড়ানোর অনুমোদন দিয়েছিলেন।
মা মেলানিয়া ট্রাম্পের ভাষ্যমতে, ব্যারন প্রকৃতিগতভাবেই লাজুক এবং জনসম্মুখে আসতে পছন্দ করেন না। বিশেষজ্ঞরাও মনে করছেন, ক্রমাগত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকাটা তাকে বাস্তব জীবনের বিপদ সম্পর্কে আরও বেশি সজাগ করে তুলেছে। এটি কোনো মানসিক ট্রমা বা বৈকল্য নয় বরং নিজেকে নিরাপদ রাখার একটি স্বাভাবিক ও স্বাস্থ্যকর প্রক্রিয়া।
ট্রাম্প পরিবারের বয়োজ্যেষ্ঠ ভাইবোনেরা যেখানে জনসম্মুখে বেশ সক্রিয়, সেখানে ব্যারন একেবারেই ব্যতিক্রম। মার-এ-লাগো, ট্রাম্প টাওয়ার বা হোয়াইট হাউসে তার নিজস্ব পরিসর রয়েছে, যেখানে তিনি বরাবরই নিজেকে আড়াল করে রাখেন। পড়াশোনা শেষে রাজনীতি নয়, বরং ব্যবসাতেই থিতু হওয়ার ইঙ্গিত রয়েছে ব্যারনের।
এরই মধ্যে বন্ধুদের সাথে একটি ভেষজ এনার্জি ড্রিংক ব্যবসা শুরু করেছেন এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছেন, তবে সবকিছুই করছেন নেপথ্যে থেকে। সর্বশেষ গত ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে বাবা-মায়ের সাথে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল উপভোগ করতে দেখা গিয়েছিল ফুটবলপ্রেমী এই তরুণকে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreআফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্র এবং চিকিৎসাপত্রে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ করার অভিযোগ উঠেছে তালেবান প্রশাসনের বিরুদ্ধে। স্প্যানিশ সংবাদপত্র ‘এল পায়েস’-এর এক প্রতিবেদনে জান টাইমস ও দ্য গার্ডিয়ানের বরাতে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মচারীদের নারীদের আসল নামের পরিবর্তে ‘বিবি’ (যার অর্থ দাদি বা বৃদ্ধা নারী) হিসেবে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। জার্মানিতে অবস্থানরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি দাবি করেছেন, ভুক্তভোগী নারী ও চিকিৎসকদের সাক্ষ্য অনুযায়ী কোথাও কোথাও নারীদের ‘ছাগল’ বা ‘গরু’-র মতো অবমাননাকর নামেও ডাকা হচ্ছে, যা নারীদের মানুষ হিসেবে মর্যাদা কেড়ে নেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া। নারী অধিকার সংগঠন ‘ফেমেনা’-এর আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, অতীতে আঞ্চলিকভাবে জারি করা বহু বিধিনিষেধ পরবর্তীতে সারা দেশে কার্যকর করা হয়েছিল, তাই এই নিষেধাজ্ঞাও পুরো আফগানিস্তানে ছড়িয়ে পড়তে পারে। সংগঠনটির হিসাব অনুযায়ী, ক্ষমতা দখলের পর থেকে তালেবান নারী অধিকার সংকুচিত করে ১৪৪টিরও বেশি ফরমান জারি করেছে; যেখানে ১২ বছর বয়সের পর মেয়েদের পড়াশোনা, অধিকাংশ পেশায় কাজ এবং জনসম্মুখে কথা বলার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। লালাহ ওসমানি সতর্ক করে বলেছেন, চিকিৎসাপত্র ও মেডিকেল রেকর্ডে সবার জন্য একই ধরনের নাম ব্যবহার করলে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত মারাত্মক ভুলের ঝুঁকি তৈরি হবে, যা নারী রোগীদের জীবন বিপন্ন করতে পারে। উল্লেখ্য, ২০১৭ সালে লালাহ ওসমানির নেতৃত্বে পরিচালিত প্রচারণার ফলে ২০২০ সালে আফগানিস্তানে শিশুদের জন্মসনদসহ সরকারি নথিতে মায়ের নাম অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হয়েছিল। তবে ২০২১ সালের আগস্টে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর গত পাঁচ বছরে নারীদের সেই অর্জিত অধিকারগুলো একে একে কেড়ে নেওয়া হয়েছে এবং বহু নারী গোপনে স্কুল বা ক্ষুদ্র ব্যবসা চালিয়ে গ্রেপ্তারের আতঙ্কে দিন কাটাচ্ছেন। অবশ্য তালেবানের পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম দাবি করেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।
ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস
গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
ইসরায়েলে ক্ষমতা ধরে রাখতে নতুন রাজনৈতিক কৌশল নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী নেতা গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রস্তাব অনুযায়ী, প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পরে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন নেতানিয়াহু। শুক্রবার (২৭ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ এবং দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলে এ প্রস্তাব নিয়ে মতভেদ থাকলেও অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে ইতোমধ্যে আইজেনকোটের কাছে বিষয়টি পৌঁছানো হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। নেতানিয়াহুর এমন প্রস্তাবে আস্থা রাখতে পারছেন না আইজেনকোট। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের জন্য তাঁর প্রাথমিক সময়সীমা শেষ হচ্ছে। তাই নেতানিয়াহুর সঙ্গে সমঝোতায় না গিয়ে আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে আইজেনকোটের জোটসঙ্গী ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুর এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাঁর আশঙ্কা, লিকুদ পার্টিকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই নেতানিয়াহু প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দিতে পারেন। লিবারম্যানের মতে, নেতানিয়াহু মূলত ইসরায়েলে আরেকটি নির্বাচন চান। ঐক্য সরকার গঠনের নামে আলোচনাকে দীর্ঘায়িত করে পরে কোনো অজুহাতে সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারেন তিনি। গত অক্টোবরের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। আইজেনকোটের চারদলীয় জোটের হাতে রয়েছে ৪৮টি আসন। ফলে সরকার গঠনের জন্য তাঁকে অন্য দলগুলোর সমর্থন প্রয়োজন। অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি নতুন সরকার গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তবে আইজেনকোটের জোটসঙ্গীদের মধ্যে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন নিয়ে মতপার্থক্য রয়েছে। শুক্রবার এক বার্তায় আইজেনকোট জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিতে রাজি নয় লিকুদ পার্টি। তাই তাদের সঙ্গে চলমান আলোচনাকে তিনি প্রহসন হিসেবে উল্লেখ করেছেন। ফলে নেতানিয়াহুর নতুন প্রস্তাব ইসরায়েলের সরকার গঠন প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের ঘন জঙ্গলে রাতভর নিখোঁজ থাকার পর ১০ কিশোরী ও তাঁদের সঙ্গে থাকা তিন কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভ্রমণ শেষে ফেরার পথে তাঁদের বহনকারী মিনিবাসটি কাদায় আটকে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাতভর অনুসন্ধান অভিযান চালিয়ে শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাঁদের সন্ধান পায় উদ্ধারকারী দল। ঘটনাটি ঘটেছে তুরস্কের বোলু প্রদেশের ইয়েদিগোল্লার (Yedigöller) বনাঞ্চলে। নিখোঁজ কিশোরীদের বয়স ১৪ থেকে ১৭ বছর। তাঁরা কোকায়েলি প্রদেশের একটি সরকারি শিশু পরিচর্যা কেন্দ্রে বসবাস করেন। তাঁদের সঙ্গে ছিলেন দুজন কর্মী ও একজন চালক। দলটি ইয়েদিগোল্লার ন্যাশনাল পার্ক ও গলজুক নেচার পার্ক ঘুরে ফিরছিল।ফেরার পথে চালক নাজিফ এজে সময় বাঁচানোর আশায় অপরিচিত একটি বনপথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পথটি আগে কখনো ব্যবহার না করায় একপর্যায়ে মিনিবাসটি কাদা ও জলাভূমির মতো নরম মাটিতে আটকে যায়। এলাকাটিতে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। খবর পাওয়ার পর জেনদারমেরি, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি), চিকিৎসাকর্মীসহ বিভিন্ন উদ্ধারকারী দল অনুসন্ধান শুরু করে। দুর্গম বনাঞ্চলে নিখোঁজদের সন্ধানে ড্রোন ব্যবহার করা হয়। পাশাপাশি মোবাইল নেটওয়ার্কের সমস্যা কাটিয়ে ওঠার জন্য অস্থায়ী যোগাযোগব্যবস্থাও নেওয়া হয়।শনিবার ভোর ২টা ২০ মিনিটের দিকে উদ্ধারকারীরা মিনিবাসটির সন্ধান পান। ততক্ষণে দলটি প্রায় ১০ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পরে ১০ কিশোরী, দুজন কর্মী ও চালককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা পরীক্ষা করা হলে সবাই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। মিনিবাসের চালক নাজিফ এজে সাংবাদিকদের জানান, প্রায় এক ঘণ্টা সময় বাঁচানোর আশায় তিনি আগে কখনো ব্যবহার করেননি এমন একটি রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই পথেই গাড়িটি কাদায় আটকে যায়। অপেক্ষার সময় কিশোরীদের উষ্ণ রাখতে তিনি গাড়ির ইঞ্জিন চালু রেখেছিলেন এবং তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন।এদিকে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে অপরিচিত রাস্তা ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। রাতভর উদ্বেগের পর ১৩ জনের সবাইকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তুরস্কের পরিবার ও সমাজসেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতাস। সংবাদ সূত্র Anadolu Agency (AA) ৮৭৬ টিআর
পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

