যুক্তরাজ্যে মুসলিমদের অজু ও এশীয়দের চাল ধোয়ায় কম পানি ব্যবহারের পরামর্শ
যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমদের অজুর সময় এবং এশীয় সম্প্রদায়কে চাল ধোয়ার ক্ষেত্রে পানির অপচয় কমানোর আহ্বান জানিয়েছে দেশটির পানি খাতের নিয়ন্ত্রক সংস্থা 'অফওয়াট'। 'ওয়াটার এফিসিয়েন্সি ইন ফেইথ অ্যান্ড ডাইভার্স কমিউনিটিজ' শীর্ষক কর্মসূচির আওতায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
সাউথ স্টাফোর্ডশায়ার ওয়াটার, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিভিনিটি অনুষদ এবং কেমব্রিজ সেন্ট্রাল মসজিদসহ বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রকল্পে দৈনন্দিন পানি ব্যবহারের অভ্যাসে পরিবর্তন আনার ওপর জোর দেওয়া হয়েছে।
কেমব্রিজে পরিচালিত পাইলট প্রকল্পে মুসলিমদের নামাজের আগে অজুর জন্য মাত্র এক লিটার পানি ব্যবহারে উৎসাহিত করা হয়। অফওয়াটের পরিসংখ্যান অনুযায়ী, অনেকেই কল ছেড়ে অজু করতে গিয়ে ১২ লিটার পর্যন্ত পানি খরচ করেন। সংস্থাটির মতে, অজুর সময় এক লিটারের বোতল ব্যবহার করলে প্রতিদিন একজনের প্রায় ৫৫ লিটার পর্যন্ত পানি সাশ্রয় হতে পারে।
এই প্রচারণার মাধ্যমে কেমব্রিজে প্রতিদিন প্রায় ৫ হাজার ৯০০ লিটার পানি সাশ্রয় হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, এশীয়দের চাল ধোয়ায় পানি সাশ্রয়ের কৌশল শেখাতে করদাতাদের প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড খরচ করে যুক্ত করা হয় ২০১৪ সালের মাস্টারশেফ বিজয়ী শেফ পিং কুম্বসকে। তিনি এক ভিডিও বার্তায় জানান, অনেকেই পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত পাঁচ-সাতবার চাল ধুয়ে থাকেন, যা আদতে অপ্রয়োজনীয়।
তবে অফওয়াটের এই অভিনব উদ্যোগটি ব্রিটেনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন, সাধারণ মানুষকে দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক অভ্যাসে পরিবর্তনের উপদেশ দেওয়ার চেয়ে পানি সরবরাহকারী কোম্পানিগুলোর উচিত নিজেদের ত্রুটিপূর্ণ পাইপ ও অবকাঠামো মেরামতের দিকে নজর দেওয়া।
গত জুলাইয়ে গ্রিনপিস ইউকের এক গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে প্রতিদিন ছিদ্রযুক্ত পাইপের কারণে প্রায় ২.৮৭ বিলিয়ন লিটার পানি অপচয় হয়, যা দিয়ে এক হাজার ১৫০টি অলিম্পিক আকারের সুইমিং পুল ভর্তি করা সম্ভব।
ক্যাবিনেট অফিসের শ্যাডো মিনিস্টার মাইক উড এই প্রকল্পের পেছনে করদাতাদের অর্থ ব্যয়ের তীব্র সমালোচনা করে জানান, মানুষ এমনিতেই পানির বিল বৃদ্ধিতে চাপে আছে; সেখানে এমন প্রকল্পে জনগণের টাকা খরচ করা মোটেও যৌক্তিক নয়।
তীব্র বিতর্কের মুখে অফওয়াটের এক মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যেই একাধিক ধর্মীয় গোষ্ঠী ও দাতব্য সংস্থার সঙ্গে এই পাইলট প্রকল্পটি চালানো হয়েছিল।
এটি কারও ওপর বাধ্যবাধকতা চাপিয়ে দেয়নি বা ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করেনি। উল্লেখ্য, দেশজুড়ে পানির ব্যবহার কমাতে গত জুন মাসে ৭৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ‘লেটস সেভ ওয়াটার’ নামে একটি পৃথক প্রচার অভিযানও শুরু করেছে যুক্তরাজ্য সরকার।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreবছরের অন্যতম বড় কেনাকাটার উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’ উপলক্ষ্যে বিশ্বের শীর্ষ ই-কমার্স ও রিটেইল প্ল্যাটফর্মগুলোতে পণ্যের দামে বড় ধরনের ছাড় শুরু হয়েছে। আমাজন, ওয়ালমার্ট, টার্গেট, বেস্ট বাই এবং প্লেস্টেশনের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তি, গৃহস্থালি, রান্নাঘর, রূপচর্চা ও ভ্রমণসংশ্লিষ্ট ১৯৭টির বেশি জনপ্রিয় পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শপিং বিশ্লেষকদের মতে, প্রতিটি পণ্যের ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ বা তার বেশি ছাড় দেওয়া হচ্ছে এবং অনেক পণ্যের দাম গত তিন থেকে ছয় মাসের মধ্যে কিংবা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কারণে জনপ্রিয় পণ্যগুলো দ্রুত স্টক ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। চলমান এই বিশেষ ছাড়ের তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি পণ্যের মধ্যে রয়েছে: প্রযুক্তি ও গ্যাজেট: অ্যাপল এয়ারট্যাগ ৩৮ শতাংশ ছাড়ে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যাপল এয়ারপডস প্রো ৩-এ ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং ওউরা রিং ৫ স্মার্ট রিংয়ে রয়েছে ২৫ শতাংশ মূল্যছাড়। হোম সিকিউরিটি ও ক্লিনিং: রিং ব্যাটারি ডোরবেল ২কে ৬১ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এছাড়া শার্ক আপরাইট নেভিগেটর লিফট-অ্যাওয়ে ভ্যাকুয়ামে ৪০ শতাংশ এবং আইরোবট রুম্বা ১০৫ ভ্যাক রোবট ভ্যাকুয়ামে আকর্ষণীয় অফার রয়েছে। রান্নাঘর ও ভ্রমণ: কিচেনএইড ক্লাসিক সিরিজ ৪.৫ কোয়ার্ট টিল্ট-হেড স্ট্যান্ড মিক্সারে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য ওয়ালা ফ্রি-সিপ স্টেইনলেস স্টিল ওয়াটার বোতলে ২৪ শতাংশ এবং স্যামসোনাইট ফ্রিফর্ম ২-পিস লাগেজ সেটে ২৯ শতাংশ ছাড় চলছে। রূপচর্চা ও অন্যান্য: মেডিকিউব জিরো পোর প্যাড ২.০-এ ৩০ শতাংশ এবং ক্রোকস ক্লাসিক ফাজ স্ক্রাফে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যানসেস্ট্রিডিএনএ জেনেটিক টেস্ট কিটে ৭১ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা এসেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সাইবার মান্ডের আগেই ব্ল্যাক ফ্রাইডের এই অফারগুলোতে সবচেয়ে বড় মূল্যছাড়গুলো মিলছে, তাই প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের দাম যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। সূত্র: এনবিসি নিউজ।
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের জনপ্রিয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। সম্প্রতি একটি ধর্মীয় আলোচনা সভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা ও হাস্যরস শুরু হয়েছে। আলোচনার অন্যতম কারণ, তিনি নিজেও নিজের মোবাইল ফোনের ব্যাক কভারের ভেতরে শুকনো গোবর রাখেন বলে ভিডিওতে দেখা গেছে। ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি ভারতের একজন আধ্যাত্মিক বক্তা ও ভাগবত পাঠক। তাঁর ইউটিউব চ্যানেল ‘ভক্তিপথ’-এ প্রায় ৮ লাখ ৪০ হাজার অনুসারী রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে নিজের মোবাইল ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখতে দেখা যায়। ধর্মীয় আলোচনা সভায় ইন্দ্রেশ উপাধ্যায় দাবি করেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে ধর্মীয় পাঠ ও শ্লোক উচ্চারণের জন্য তাঁকে ফোন কাছে রাখতে হয়। তবে তাঁর দাবি, মোবাইল ফোন ও টাওয়ার থেকে নির্গত তরঙ্গ মানুষের শরীর, বুদ্ধিমত্তা ও শারীরিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ফোনের কভারে এক টুকরো শুকনো গোবর রাখেন তিনি। তাঁর মতে, এটি রেডিয়েশন শোষণ করে এবং শরীরকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে। তবে ভারতীয় এই ধর্মগুরুর দাবির পক্ষে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈজ্ঞানিক গবেষণার তথ্য অনুযায়ী, মোবাইল ফোন থেকে নির্গত রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গ নন-আয়োনাইজিং বা আয়নবিহীন। স্বাভাবিক মাত্রায় এসব তরঙ্গ মানবদেহের কোষের ক্ষতি করে, এমন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, গোবর দিয়ে মোবাইল ফোনের রেডিয়েশন প্রতিরোধ করা যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। মোবাইল প্রকৌশলীদের মতে, ফোনের পেছনের কভারের ভেতরে শুকনো গোবর বা অন্য কোনো জৈব পদার্থ রাখলে আর্দ্রতা, ধুলাবালি ও ব্যাকটেরিয়া জমার ঝুঁকি তৈরি হতে পারে। এতে ফোনের ক্যামেরা, চার্জিং পোর্ট, স্পিকার এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে গরুর গোবরকে পবিত্র উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তবে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আধুনিক প্রযুক্তির বৈজ্ঞানিক কার্যকারিতা এক বিষয় নয়। ইন্দ্রেশ উপাধ্যায়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দাবির সত্যতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তাঁর অনুসারীদের একাংশ অবশ্য বিষয়টিকে সনাতন ঐতিহ্য ও বিশ্বাসের অংশ হিসেবে সমর্থন জানিয়েছেন।
তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার
পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক
কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে অভিবাসীদের স্থানান্তর ও আটক রাখার অভিযানে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। অথচ ২০২৫ সালে অভিযান শুরুর পর থেকে সেখানে আটক রাখা হয়েছে মাত্র ৮৪৯ জন অভিবাসীকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শুরু হওয়া ‘অপারেশন সাউদার্ন গার্ড’-এ এখন পর্যন্ত ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি অর্থ বরাদ্দ দিয়েছে পেন্টাগন। প্রাথমিক পরিকল্পনায় গুয়ানতানামো বে ঘাঁটিতে কয়েক হাজার, এমনকি ৩০ হাজার অভিবাসীকে আটকে রাখার প্রস্তুতি নেওয়া হলেও বাস্তবে সেখানে সর্বোচ্চ ৩৯৯ জনের থাকার সক্ষমতা ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত গুরুতর অপরাধে অভিযুক্ত অভিবাসীদের আটকের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষকে আটকে রাখার মতো জায়গা রয়েছে। এতে অভিবাসী আটকের সক্ষমতা তাৎক্ষণিকভাবে দ্বিগুণ করা সম্ভব হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে শুরু থেকেই এই পরিকল্পনার বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছিল, নব্বইয়ের দশকে গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষের থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই সক্ষমতা আর নেই। তা সত্ত্বেও সেখানে তাঁবু স্থাপন এবং শত শত সামরিক সদস্য মোতায়েন করা হয়। প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর ঘাঁটিটিতে মাত্র আটজন অভিবাসী আটক ছিলেন। ওই সময় স্বরাষ্ট্র দপ্তরের অভিযান পরিচালনায় সেখানে প্রায় ৩৫০ জন মার্কিন সামরিক সদস্য দায়িত্ব পালন করছিলেন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আটক অভিবাসীদের সেখানে থাকার গড় সময় ছিল সাত দিন। তবে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা এবং উড়োজাহাজের সময়সূচি নিয়ে জটিলতার কারণে কারও কারও অবস্থানের সময় বেড়েছে। একজন অভিবাসীকে স্থানান্তরের আগে সর্বোচ্চ ১০২ দিন সেখানে আটকে রাখা হয়েছিল। প্রতিবেদনে অভিযানের অর্থ ব্যয়ের বিস্তারিত খাত তুলে ধরা হয়নি। তবে বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় করেছে মার্কিন স্থলবাহিনী। সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, অভিযান শুরুর আগে পর্যাপ্ত পরিকল্পনা করা হয়নি। ফলে কার্যক্রম শুরু হওয়ার পর পরিকল্পনার ঘাটতি পূরণের চেষ্টা করতে হয়েছে। এর আগে অভিবাসীদের গুয়ানতানামো বে-তে নেওয়ার জন্য প্রায় ২ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক উড়োজাহাজ ব্যবহারের সমালোচনা করেছিলেন ডেমোক্র্যাটরা। প্রতিটি উড্ডয়ন ঘণ্টায় এসব উড়োজাহাজ পরিচালনার ব্যয় ছিল ২৬ হাজার ২৭৭ ডলার। সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই অভিযানকে রাজনৈতিক প্রদর্শনী বলে সমালোচনা করেছিলেন। এ ছাড়া ট্রাম্প প্রশাসন যাদের সবচেয়ে বিপজ্জনক অপরাধী অভিবাসী হিসেবে চিহ্নিত করছে, তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী, কর্মরত এবং পরিবারসহ জীবনযাপন করা আইন মেনে চলা মানুষ বলে দাবি করেছেন ডেমোক্র্যাট ও অভিবাসী অধিকারকর্মীরা। সূত্র: আনাদোলু এজেন্সি
যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ
অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

