পশ্চিমবঙ্গে একের পর এক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক, শুভেন্দু বলছেন- ‘আদালতের নির্দেশ’
পশ্চিমবঙ্গে মসজিদে আজানের জন্য ব্যবহৃত লাউডস্পিকার অপসারণকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির অভিযোগ, স্থানীয় থানার পুলিশ তাদের মৌখিকভাবে লাউডস্পিকার খুলে ফেলতে চাপ দিচ্ছে। তবে রাজ্য সরকার বলছে, এটি কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নয়; আদালতের নির্দেশ অনুযায়ী শব্দদূষণবিষয়ক বিধি বাস্তবায়নের অংশ হিসেবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে আদালতের নির্দেশনা অনুসারে সব ধর্মীয় প্রতিষ্ঠানে শব্দদূষণবিষয়ক বিধি কার্যকর করার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। বিধি অনুযায়ী, দিনে সর্বোচ্চ ৫৫ ডেসিবেল এবং রাতে সর্বোচ্চ ৪৫ ডেসিবেল পর্যন্ত শব্দের অনুমতি রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সীমা কার্যকর করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকজন ইমামের দাবি, মসজিদ পরিচালনা কমিটিগুলোকে প্রচলিত লাউডস্পিকারের পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তার সরকার কেবল আদালতের নির্দেশ বাস্তবায়ন করছে। তিনি জানান, মসজিদ ও মন্দির—উভয় ক্ষেত্রেই শব্দ নিজ নিজ প্রাঙ্গণের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে এবং বাইরে ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, প্রশাসনের অভিযানে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২৯৯টি লাউডস্পিকার অপসারণ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২০৩টি মসজিদ থেকে এবং ১ হাজার ৯৬টি মন্দির থেকে সরানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশকে কঠোর আচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং অধিকাংশ মসজিদ পরিচালনা কমিটি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছে।
অন্যদিকে, বিভিন্ন মুসলিম সংগঠন ও রাজনৈতিক নেতারা অভিযোগ করেছেন, বাস্তবে অনেক ক্ষেত্রে পুলিশ মৌখিকভাবে চাপ সৃষ্টি করছে। তাদের দাবি, শব্দদূষণ নিয়ন্ত্রণের নামে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তৃণমূল কংগ্রেসের একাংশের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপনের পরিকল্পনা করেছে। একই সময়ে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী তিন সংসদ সদস্য—ইউসুফ পাঠান, খলিলুর রহমান ও আবু তাহের খান—কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সেখানে ধর্মীয় স্বাধীনতা রক্ষার পাশাপাশি শব্দদূষণবিষয়ক বিধি বাস্তবায়নে সংবেদনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
বিদ্রোহী বিধায়ক আখরুজ্জামান বলেন, ভারতের সংবিধান সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছে। তার ভাষায়, হিন্দুরা যেমন মন্দিরে পূজা করার স্বাধীনতা ভোগ করবে, তেমনি মুসলমানরাও মসজিদে আজান ও নামাজ আদায়ের অধিকার রাখেন।
পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় পুলিশ মসজিদে গিয়ে লাউডস্পিকার খুলে ফেলতে চাপ দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে।
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকী এ বিষয়ে হাইকোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়েছিল কি না। তার দাবি, যেসব প্রতিষ্ঠান শব্দসীমা লঙ্ঘন করছে, তাদের আগে আনুষ্ঠানিক নোটিশ দিয়ে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে তিনি শব্দদূষণবিষয়ক বিধি বাস্তবায়নে একটি মানসম্মত কার্যপদ্ধতি প্রণয়ন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তেরও দাবি জানান।
এদিকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য বিরোধীদের সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, গণতান্ত্রিক দেশে সবাই প্রতিবাদের অধিকার রাখে। তবে রাজনৈতিক দলগুলোর দ্বৈত মানদণ্ড পরিহার করা উচিত। তার ভাষায়, পশ্চিমবঙ্গের মানুষ এমন রাজনীতি গ্রহণ করবে না, যেখানে শুধু একটি পক্ষের মতামতই গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়।
বিতর্কের মধ্যেও রাজ্য সরকার তাদের অবস্থানে অনড় রয়েছে। অন্যদিকে, বিরোধী দল, মুসলিম সংগঠন ও কয়েকজন জনপ্রতিনিধি প্রশাসনের পদক্ষেপ নিয়ে আইনি ও রাজনৈতিকভাবে বিষয়টি চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreযুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত প্রতি তিনজনের বেশি মুসলিম শিক্ষার্থী ইসলামভীতির অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ বা ফোসিস-এর প্রকাশিত ‘বিলংগিং ইন কোয়েশ্চেন’ শীর্ষক নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির ৬৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৭১৫ জন মুসলিম শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া মুসলিম নারী শিক্ষার্থীদের ৪২ শতাংশ ইসলামভীতির শিকার হয়েছেন, যেখানে পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই হার ৩৪ শতাংশ। বিশেষ করে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রাসেল গ্রুপভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বৈষম্যের এই হার বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে মৌখিক গালিগালাজ, বর্ণবাদী অপমান, হত্যার হুমকি, শারীরিক হয়রানি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বৈষম্য। এ ছাড়া জরিপে দেখা গেছে, ইসলামভীতির শিকার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৮ শতাংশই এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে সাহস পাননি বা নিজেদের সক্ষম মনে করেননি, যা বিশ্ববিদ্যালয়গুলোর জবাবদিহি এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ার দুর্বলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য
ইউরোপে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টে (University of Twente) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি দিচ্ছে। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য সর্বোচ্চ ২২ হাজার ইউরো পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকার সমান। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের যোগ্য শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।বিশ্ববিদ্যালয়টির এই বৃত্তির নাম ‘ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ’ (UTS)। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিভিন্ন যোগ্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃত্তির পরিমাণ ৩ হাজার থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো। দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে নির্ধারিত একাডেমিক শর্ত পূরণ করলে দ্বিতীয় বছরের জন্যও সমপরিমাণ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। তবে এই বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী, আবেদনকারীকে নিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির সেরা ৫ থেকে ১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে। পাশাপাশি ইউনিভার্সিটি অব টোয়েন্টের নির্ধারিত কোনো মাস্টার্স প্রোগ্রামে সাময়িক বা চূড়ান্ত ভর্তির অনুমতি পেতে হবে। ভর্তির পর পাওয়া শিক্ষার্থী পরিচিতি নম্বর ব্যবহার করে বৃত্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।আবেদনকারীদের অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের নাগরিক হতে হবে। নেদারল্যান্ডসে প্রবেশের প্রয়োজনীয় ভিসার যোগ্যতা এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার দক্ষতার শর্তও পূরণ করতে হবে। নেদারল্যান্ডসের নাগরিক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের শিক্ষার্থী এবং বর্তমানে ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য যোগ্য নন। ২০২৭ সালের সেপ্টেম্বরের ভর্তি কার্যক্রমের জন্য বৃত্তির আবেদন ১৫ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ এপ্রিল ২০২৭, বিকেল ৪টা (মধ্য ইউরোপীয় সময়)। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ২০২৭ সালের মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। তবে বৃত্তির আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন সম্পন্ন করে ভর্তির অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ‘কিপাজি স্কলারশিপ’ (Kipaji Scholarship) পাওয়ার সম্ভাবনাও। এর আওতায় সর্বোচ্চ ১২ হাজার ইউরো পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। তবে এর জন্য প্রথমে ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ পেতে হবে এবং কিপাজি বৃত্তির আলাদা যোগ্যতা পূরণ করতে হবে। বাংলাদেশ এই বৃত্তির জন্য যোগ্য দেশগুলোর তালিকায় রয়েছে। তবে শিক্ষার্থীদের একটি বিষয় মনে রাখা জরুরি, ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ পূর্ণাঙ্গ বৃত্তি নয়। বিশ্ববিদ্যালয় টিউশন ফি বা অন্যান্য খরচ সরাসরি পরিশোধ করে দেবে না। বৃত্তির অর্থ শিক্ষার্থীরা পড়াশোনাসংশ্লিষ্ট ব্যয় মেটাতে ব্যবহার করতে পারবেন। তাই আবেদনের আগে টিউশন ফি, আবাসন ও জীবনযাত্রার বাকি খরচ বহনের সক্ষমতা যাচাই করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সূত্র University of Twente (Official Scholarship Guidelines) ৮৭৬ টিআর
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে
তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার
পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র মনে করে একটি ফাইল ডাউনলোড করার পর ভারতের এক যুবকের ব্যাংক হিসাব থেকে ১০ লাখ ২ হাজার রুপি হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্রের আড়ালে ক্ষতিকর এপিকে ফাইল পাঠিয়ে এই প্রতারণা করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বিজনৌর জেলা থেকে দেবেন্দ্র মালিক (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গুজরাটের সুরাট সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখা উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের তদন্ত অনুযায়ী, ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে ‘Wedding Invitation.APK’ নামে একটি ফাইল পাঠানো হয়েছিল। বিয়ের নিমন্ত্রণপত্র মনে করে সেটি ডাউনলোড করার পর তাঁর মোবাইল ফোন সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যায়। এর সুযোগ নিয়ে ভুক্তভোগীর অজান্তেই ব্যাংক হিসাব থেকে ১০ লাখ ২ হাজার রুপি সরিয়ে নেয় প্রতারক চক্র। তদন্তে দেবেন্দ্র মালিকের ভূমিকা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অভিযোগ, তিনি কমিশনের বিনিময়ে সাইবার অপরাধীদের নিজের ব্যাংক হিসাব ব্যবহার করতে দিতেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ তাঁর হিসাবে জমা হতো। পরে মোট অর্থের প্রায় ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি টাকা চক্রের অন্য সদস্যদের কাছে পাঠিয়ে দিতেন।পুলিশ জানিয়েছে, প্রতারণার অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের পর চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেন যাচাই ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে দেবেন্দ্র মালিকের অবস্থান শনাক্ত করা হয়। তিনি উত্তরপ্রদেশের বিজনৌরে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাঁর সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। সুরাটের সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ডি ধারায় মামলা করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মেসেজিং অ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা এপিকে ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ। বিশেষ করে বিয়ের নিমন্ত্রণপত্র, ব্যাংকিং সেবা, কেওয়াইসি হালনাগাদ, সরকারি প্রকল্প কিংবা আরটিও চালানের নামে পাঠানো সন্দেহজনক ফাইল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত ভারতের জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করতে বলেছে কর্তৃপক্ষ। দ্রুত অভিযোগ জানালে প্রতারকদের হিসাবে পাঠানো অর্থ আটকে দেওয়ার সম্ভাবনা বাড়ে। সংবাদ সূত্র IANS ৮৭৬ টিআর
৩০ হাজার অভিবাসী আটকের ঘোষণা, বাস্তবে মাত্র ৮৪৯ জনে ৮ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের
যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ

