বিশ্ববাণিজ্যের নতুন মানচিত্র আঁকছে চীন, মধ্য এশিয়ায় গড়ছে বিশাল স্থলবাণিজ্য নেটওয়ার্ক
বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রগুলোতে ক্রমবর্ধমান ঝুঁকির মুখে নিজেদের রপ্তানির বিকল্প পথ খুঁজছে বেইজিং। এরই অংশ হিসেবে গত এক বছরে মধ্য এশিয়ায় চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)-এর ব্যাপক সম্প্রসারণ লক্ষ করা গেছে। চীনের প্রধান শিল্প ও অর্থনৈতিক কেন্দ্রগুলোর সঙ্গে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তানের লজিস্টিক হাবগুলোকে যুক্ত করতে ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন রেল ও সড়কপথ চালু করা হয়েছে। মূলত ক্রমবর্ধমান বাণিজ্য এবং মহাদেশীয় লজিস্টিক ব্যবস্থায় মধ্য এশিয়ার শক্তিশালী অবস্থানের কারণেই এই অঞ্চলের প্রতি চীনের আগ্রহ দিন দিন বাড়ছে।
গত বছর প্রথমবারের মতো মধ্য এশিয়ার সব কটি দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে চীন। এ সময় তাদের বাণিজ্য ১২ শতাংশ বেড়ে ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলার ছাড়িয়েছে। অঞ্চলটিতে চীনের রপ্তানি করা উচ্চমূল্যের পণ্যের পরিমাণ আমদানির তুলনায় প্রায় দ্বিগুণ। এদিকে, সামুদ্রিক শিপিংয়ের ঝুঁকি এড়াতে গত বছর চীন-ইউরোপ সরাসরি রুটে ২০ হাজারেরও বেশি মালবাহী ট্রেন চলাচল করেছে এবং চলতি বছরের প্রথমার্ধে এই হার ২০ শতাংশ বেড়েছে। বর্তমানে চীনের ১২৯টি শহরের সঙ্গে ইউরোপের ২৬টি দেশের ২৩৫টি শহরের সরাসরি রেলযোগাযোগ রয়েছে, যার একটি বড় অংশ মধ্য এশিয়ার ওপর দিয়ে যায়।
স্থলপথে রপ্তানি বহুমুখীকরণের এই বৃহত্তর কৌশলের অংশ হিসেবে গত বছরের এপ্রিল থেকে চীনের চংকিং এবং উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের মধ্যে সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। মাসে দুবার ছেড়ে যাওয়া এসব ট্রেন কাজাখ সীমান্ত পেরিয়ে প্রায় ৪,৭০০ কিলোমিটার পথ পাড়ি দেয় মাত্র ১২ দিনে। এর ফলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মধ্য এশিয়ায় পণ্য পরিবহনের সময় ৩০ শতাংশ কমার পাশাপাশি বাণিজ্যে লাভজনকতাও বেড়েছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলওয়ে প্রকল্পের কাজ শেষ হলে বছরে প্রায় দেড় কোটি টন পণ্য পরিবহন করা সম্ভব হবে। এটি পূর্ব এশিয়া থেকে দক্ষিণ ইউরোপের বাণিজ্য রুটকে প্রায় ৯০০ কিলোমিটার কমিয়ে আনবে এবং পণ্য ডেলিভারির সময় অন্তত এক সপ্তাহ সাশ্রয় করবে।
নতুন সিল্ক রোডের দক্ষিণাঞ্চলীয় ট্রানজিট রুট পুনরুজ্জীবিত করার কৌশলের সঙ্গেও এই সম্প্রসারণ ওতপ্রোতভাবে জড়িত, যেখানে ইরান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কিংহাইয়ের জিনিং থেকে তুর্কমেনিস্তানের বলকান ভেলায়েতের উদ্দেশে একটি কন্টেইনার ট্রেন ছেড়ে গেছে। এছাড়া গত বছর চীনের ঝেংঝু থেকে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত পর্যন্ত সরাসরি সড়কপথ উন্মুক্ত করা হয়েছে, যেখানে পণ্য পৌঁছাতে সময় লাগে মাত্র নয় দিন। এর পাশাপাশি চলতি বছর চীন ও তাজিকিস্তানের মধ্যেও কন্টেইনার ট্রেন চলাচল শুরু হয়েছে, যা ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের নতুন দুয়ার খুলে দিতে পারে।
চীনের এই বিপুল স্থলবাণিজ্যের চাহিদা মধ্য এশিয়ার কার্গো প্রবাহকে নতুন করে সাজাচ্ছে। একসময়কার বিচ্ছিন্ন এই অঞ্চলটি এখন ইউরেশিয়ার অন্যতম প্রধান আন্তঃমহাদেশীয় হাব বা কেন্দ্রে পরিণত হতে চলেছে। বিশ্লেষকদের মতে, চীনের এই মেগা উদ্যোগ মধ্য এশিয়ার দেশগুলোর বৈশ্বিক ভূ-রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দারুণভাবে ত্বরান্বিত করবে। সবচেয়ে বড় কথা, এটি এই অঞ্চলের পাঁচটি প্রজাতন্ত্রকে স্বাধীন ও সমন্বিত পরিবহন নীতি গ্রহণে উৎসাহিত করে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে সমান তালে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreইতালির পার্লামেন্ট অনুমোদিত নতুন শিক্ষাসংস্কার আইনে স্কুল ও সংশ্লিষ্ট কার্যক্রমের সময় বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখার যেকোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানার দায়ভার মা-বাবা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে এবং রাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় পোশাক ও পরিচয়সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগের লক্ষ্য নিয়ে এই ধারা যুক্ত করা হয়েছে। একই আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে, তবে যেসব শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তারা এই সীমা থেকে অব্যাহতি পাবে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগকে অভিবাসন ও সাংস্কৃতিক সংহতি নীতির অংশ হিসেবে দেখা হলেও বিরোধী দলগুলো এটিকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছে। সমালোচকদের মতে, বোরকা বা নিকাব নিষিদ্ধ করার ফলে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, আর শ্রেণিকক্ষে ৩০ শতাংশ কোটা আরোপ করলে অভিবাসী ও বিদেশি বংশোদ্ভূত শিশুদের স্থানীয় সমাজ ও শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক একীভূতকরণ ব্যাহত হতে পারে। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ভাষাগত দক্ষতা, ধর্মীয় অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির ভারসাম্য নিয়ে ইতালির রাজনীতি ও নাগরিক সমাজে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা
ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন
আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম
পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়। ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়। ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।
গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
কানাডার জনপ্রিয় খাবার পুতিন এবার যাচ্ছে মহাকাশে। দেশটির নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। তবে মহাকাশে খাওয়ার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার মহাকাশ সংস্থা (সিএসএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশেষ আপ্যায়ন হিসেবে নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশে পাঠানো হবে ফ্রিজ-ড্রাইড পুতিন। কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেকের ঐতিহ্যবাহী খাবার পুতিন সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি এবং পনির দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য খাবারটির একটি দুগ্ধজাত উপাদানমুক্ত ও নিরামিষ সংস্করণ তৈরি করা হয়েছে। মহাকাশে খাবার পাঠানোর নির্ধারিত নিয়ম মেনেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে। এ জন্য কানাডার মহাকাশ সংস্থা কুইবেকের শেফ ইভ লোর সঙ্গে কাজ করেছে। তিনি বর্তমানে এনএইচএলের মন্ট্রিয়ল কানাডিয়ান্স দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইনস্টাগ্রামে শেফ ইভ লো জানিয়েছেন, জশুয়া যেন মহাকাশে বসে নিজের প্রিয় খাবার খেতে গিয়ে বাড়ির পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই বিশেষ পুতিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে পানিশূন্য করা এই খাবারটি আগামী সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি সরবরাহ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। সূত্র: এএফপি
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

