সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
তথ্যপ্রযুক্তি

উৎক্ষেপণের ১০ মিনিটেই বিপর্যয়, অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১৪:৬
অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে
অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ও বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। অ্যামাজনের ৪০টি ইন্টারনেট স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাত্রা করা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের ভলকান রকেট উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। ফলে নির্ধারিত কক্ষপথে স্যাটেলাইটগুলো পৌঁছাতে পারেনি।

 

১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল মহাকাশঘাঁটি থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে প্রায় ২১৪ ফুট উচ্চতার রকেটটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই এতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। উৎক্ষেপণের প্রায় ৫০ মিনিট পর পাওয়া উড্ডয়নসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স জানায়, রকেটটি নির্ধারিত কক্ষপথে অ্যামাজনের স্যাটেলাইট পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে।

 

রকেটটির প্রথম পর্যায়ে ছয়টি শক্তিশালী কঠিন জ্বালানিচালিত সহায়ক ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। উৎক্ষেপণের প্রায় এক মিনিট ৪০ সেকেন্ড পর এগুলো মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মূল ইঞ্জিনের মাধ্যমে উড্ডয়ন অব্যাহত থাকে। পরবর্তী সময়ে রকেটের প্রথম ধাপ থেকে সেন্টর-৫ নামের ওপরের ধাপটি আলাদা হওয়ার পর সেখানে সমস্যা দেখা দিয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কোন যন্ত্রাংশের ত্রুটিতে অভিযান ব্যর্থ হয়েছে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

 

ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স জানিয়েছে, তারা অ্যামাজন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে ঘটনার কারণ অনুসন্ধান করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন করে ভবিষ্যৎ উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হবে।

 

হারিয়ে যাওয়া ৪০টি স্যাটেলাইট ছিল অ্যামাজনের লিও নামের মহাকাশভিত্তিক ইন্টারনেট প্রকল্পের অংশ। প্রকল্পটির আগের নাম ছিল প্রজেক্ট কুইপার। পৃথিবীর নিম্ন কক্ষপথে তিন হাজার ২০০টির বেশি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে অ্যামাজন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, দুর্গম এলাকা এবং প্রচলিত ব্রডব্যান্ড সংযোগের বাইরে থাকা মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।

 

এই প্রকল্পের মাধ্যমে ইলন মাস্কের পরিচালিত স্টারলিংক ইন্টারনেট সেবার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় অ্যামাজন। ইতোমধ্যে বিভিন্ন রকেটের মাধ্যমে কয়েক শ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ৪০টি স্যাটেলাইট যুক্ত হলে প্রকল্পটির অগ্রগতি আরও বাড়ত। কিন্তু এই ব্যর্থতার কারণে স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনায় নতুন করে সময় ও অর্থ ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

 

২০০৬ সালে বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স। প্রতিষ্ঠানটির ভলকান রকেট এর আগে চারটি অভিযান সম্পন্ন করেছিল। আগের কয়েকটি অভিযানে রকেটের সহায়ক ইঞ্জিনের অগ্রভাগে সমস্যার বিষয় সামনে এসেছিল। এসব ত্রুটি সমাধানে দীর্ঘ সময় কাজ করার পর প্রায় নয় মাস বিরতি দিয়ে ১৫ নভেম্বর আবারও রকেটটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু প্রত্যাবর্তনের এই অভিযানেই নতুন বিপর্যয়ের মুখে পড়ল রকেটটি।

 

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান তদন্ত ও প্রয়োজনীয় সংশোধনমূলক কার্যক্রমে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।এই ব্যর্থতার কারণে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের পরবর্তী রকেট উৎক্ষেপণ এবং অ্যামাজনের স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনায় বিলম্ব হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী উৎক্ষেপণের সময়সূচি নিয়েও অনিশ্চয়তা থাকবে। সূত্র: রয়টার্স, সিবিএস নিউজ, স্পেসফ্লাইট নাউ, ইউপিআই ও স্পেস ডটকম।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

তথ্যপ্রযুক্তি

View more
চাকরি, ব্যবসা ও নেতৃত্বে এগিয়ে থাকতে এমআইটির ১০টি এআই কোর্স বিনামূল্যে শেখার সুযোগ!
চাকরি, ব্যবসা ও নেতৃত্বে এগিয়ে থাকতে এমআইটির ১০টি এআই কোর্স বিনামূল্যে শেখার সুযোগ!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে চাকরি, ব্যবসা ও কর্মক্ষেত্রে এগিয়ে থাকতে প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে এআই শিখতে কম্পিউটার প্রকৌশলী কিংবা প্রোগ্রামার হওয়া জরুরি নয়।    যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে অনলাইনে এআই, মেশিন লার্নিং, ডেটা বিশ্লেষণ ও অ্যালগরিদমের মতো বিষয়ে বিনামূল্যে শেখার সুযোগ রয়েছে।   এমআইটি ওপেন লার্নিংয়ের প্রকাশিত কোর্স তালিকায় এআই বিষয়ে ১৩টি প্রাথমিক ও গুরুত্বপূর্ণ কোর্স এবং শিক্ষাসামগ্রীর উল্লেখ রয়েছে। এর মধ্যে অধিকাংশই বিনামূল্যে ব্যবহার করা যায়। শিক্ষার্থী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এসব কোর্স বেছে নিতে পারেন।   প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে ব্যবসা ও কর্মক্ষেত্রের ধরনও বদলে যাচ্ছে। গ্রাহকসেবা, বিপণন, তথ্য বিশ্লেষণ, হিসাব ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ছে। ফলে প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি এটি কীভাবে কাজ করে, কোথায় ভুল করতে পারে এবং এর সীমাবদ্ধতা কী—সেসব বিষয় বোঝাও জরুরি হয়ে উঠেছে।   এমআইটির ১০টি এআই ও প্রযুক্তিবিষয়ক কোর্স ১. এআই ১০১ (AI 101) এআই সম্পর্কে একেবারে প্রাথমিক ধারণা পেতে আগ্রহীদের জন্য উপযোগী। কৃত্রিম বুদ্ধিমত্তা কী, কীভাবে কাজ করে এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহার কোথায়—এসব বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। প্রযুক্তিগত পূর্ব অভিজ্ঞতা না থাকলেও শেখা শুরু করা সম্ভব।   ২. ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদমস (Introduction to Algorithms) কম্পিউটার কীভাবে নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে জটিল সমস্যার সমাধান করে, তা শেখার সুযোগ রয়েছে। অ্যালগরিদম, গাণিতিক মডেল ও ডেটা স্ট্রাকচারের মৌলিক ধারণা পাওয়া যাবে।   ৩. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) এআইয়ের মৌলিক প্রযুক্তি, তথ্য উপস্থাপন, সমস্যা সমাধান এবং মেশিন লার্নিংয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শেখার সুযোগ রয়েছে। যারা এআইয়ের কার্যপ্রণালি বুঝতে চান, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ।   ৪. ইন্ট্রোডাকশন টু কম্পিউটেশনাল থিংকিং অ্যান্ড ডেটা সায়েন্স (Introduction to Computational Thinking and Data Science) তথ্য ও কম্পিউটেশন ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করার পদ্ধতি শেখানো হয়। ডেটা বিশ্লেষণ এবং তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতে কোর্সটি সহায়ক।   ৫. ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং (Introduction to Machine Learning) কম্পিউটার কীভাবে তথ্য থেকে শেখে, বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে এবং ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে। মেশিন লার্নিংয়ের মূলনীতি ও ব্যবহারিক প্রয়োগ এখানে গুরুত্ব পেয়েছে।   ৬. মেশিন লার্নিং উইথ পাইথন: ফ্রম লিনিয়ার মডেলস টু ডিপ লার্নিং (Machine Learning with Python: From Linear Models to Deep Learning) পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে মেশিন লার্নিং শেখার জন্য এই কোর্সটি গুরুত্বপূর্ণ। লিনিয়ার মডেল থেকে শুরু করে ডিপ লার্নিং ও রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের বিভিন্ন বিষয় শেখার সুযোগ রয়েছে। এটি তুলনামূলকভাবে প্রযুক্তিগত কোর্স।   ৭. মেশিন ভিশন (Machine Vision) কম্পিউটার কীভাবে ছবি ও দৃশ্য বিশ্লেষণ করে আশপাশের পরিবেশ সম্পর্কে ধারণা তৈরি করে, তা শেখানো হয়। ছবি শনাক্তকরণ, কম্পিউটার ভিশন এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি সম্পর্কে আগ্রহীদের জন্য এটি উপযোগী।   ৮. জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন কে-টুয়েলভ এডুকেশন (Generative Artificial Intelligence in K–12 Education) প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় জেনারেটিভ এআই কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে এই কোর্স। শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে প্রাসঙ্গিক।   ৯. ফাউন্ডেশন মডেলস অ্যান্ড জেনারেটিভ এআই (Foundation Models and Generative AI) ChatGPT, Copilot, DALL-E ও অন্যান্য আধুনিক এআই প্রযুক্তির পেছনে থাকা ফাউন্ডেশন মডেল এবং জেনারেটিভ এআই কীভাবে কাজ করে, তা শেখার সুযোগ রয়েছে। এটি নন-টেকনিক্যাল লেকচার সিরিজ হওয়ায় বিভিন্ন পেশার মানুষও অনুসরণ করতে পারবেন।   ১০. হাউ টু এআই (অলমোস্ট) এনিথিং (How to AI (Almost) Anything) আধুনিক এআই কীভাবে ভাষা, ছবি, শব্দ, ভিডিও ও বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করতে পারে, তা নিয়ে এই কোর্স। বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে মাল্টিমোডাল এআইয়ের ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।   কীভাবে বিনামূল্যে কোর্সগুলো করবেন? এমআইটির নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মে এসব কোর্স ও শিক্ষাসামগ্রী পাওয়া যায়। আগ্রহীরা এমআইটি লার্নের ওয়েবসাইটে গিয়ে কোর্সের নাম লিখে খুঁজতে পারেন। অনেক কোর্সে যেকোনো সময় শেখা শুরু করা যায় এবং নিজস্ব গতিতে পাঠ শেষ করার সুযোগ রয়েছে।   কোর্সের ধরন অনুযায়ী ভিডিও লেকচার, পাঠ্যসামগ্রী, অনুশীলন ও অন্যান্য শিক্ষাসামগ্রী পাওয়া যায়। তবে সব কোর্সের কাঠামো এক নয়। কিছু কোর্সে সরাসরি পাঠ্যসামগ্রী দেওয়া হয়, আবার কিছু কোর্সে নির্দিষ্ট বিষয়ভিত্তিক লেকচার অনুসরণ করতে হয়।   সব কোর্সে কি সনদ পাওয়া যাবে? এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। বিনামূল্যে কোর্সের শিক্ষাসামগ্রী ব্যবহারের সুযোগ এবং সনদ পাওয়ার বিষয়টি এক নয়। এমআইটির অনেক কোর্স বিনামূল্যে পড়া গেলেও সেগুলো শেষ করার পর আনুষ্ঠানিক সনদ দেওয়া হয় না।   উদাহরণ হিসেবে, ‘Foundation Models and Generative AI’ এবং ‘How to AI (Almost) Anything’ কোর্সে বিনামূল্যে শেখার সুযোগ থাকলেও সনদ পাওয়া যায় না। তাই নিবন্ধনের আগে সংশ্লিষ্ট কোর্সের মূল্য, সনদ এবং অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া উচিত।   কারা এসব কোর্স করতে পারেন? এআই শেখার জন্য শুধু প্রযুক্তি খাতে কাজ করা ব্যক্তিদেরই আগ্রহী হওয়ার প্রয়োজন নেই। ব্যবসায়ী ও উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়াতে, চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দক্ষতা অর্জন করতে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মবাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে এসব কোর্স থেকে উপকৃত হতে পারেন।   বিশেষ করে যারা ব্যবসা পরিচালনা করেন কিংবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন, তাঁদের জন্য এআই সম্পর্কে মৌলিক ধারণা থাকা গুরুত্বপূর্ণ। কারণ প্রযুক্তি ব্যবহারের আগে এর কার্যকারিতা, তথ্যের নিরাপত্তা, ব্যয় ও সীমাবদ্ধতা সম্পর্কে জানা প্রয়োজন। প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এআই সম্পর্কে ধারণা অর্জন এখন আর শুধু অতিরিক্ত দক্ষতা নয়; শিক্ষা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি।   কোর্স খুঁজতে: https://learn.mit.edu/   তথ্যসূত্র: এমআইটি ওপেন লার্নিং ও এমআইটি লার্ন।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১:২৭
ছবি: অধ্যাপক খোন্দকার এ মামুন, ভাইস প্রেসিডেন্ট, এআই, উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ (ডব্লিউইউএসটি)

বাংলাদেশকে এআই প্রযুক্তির উদ্ভাবক হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের অধ্যাপক খন্দকার এ মামুন

গাড়ি পার্কিং অবস্থায় স্টিয়ারিং হুইল অদৃশ্য হয়ে যাওয়ায় চালকের সামনে বিশ্রাম ও কাজের বাড়তি জায়গা তৈরি হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চীনের বিওয়াইডির গাড়ি পার্ক করলেই অদৃশ্য হবে স্টিয়ারিং, ভেতরে মিলবে বিশ্রাম ও কাজের বাড়তি জায়গা

গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগালেন শিক্ষার্থীরা

পেট্রলের এক লিটারেই ৯১২ কিলোমিটার! এমন গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগালেন শিক্ষার্থীরা

‘সুপারইন্টেলিজেন্স আসছে’, বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের হুঁশিয়ারি মেটার শীর্ষ কর্মকর্তার
‘সুপারইন্টেলিজেন্স আসছে’, বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের হুঁশিয়ারি মেটার শীর্ষ কর্মকর্তার

  মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং সতর্ক করে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ‘সুপারইন্টেলিজেন্স’ এখন আসার পথে রয়েছে এবং আগামী এক বছরে মানবজাতির পদক্ষেপ বৈশ্বিক ভবিষ্যতের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।   এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক কর্মী তাদের এআই মডেল ‘ক্লড’-এর সহায়তায় গণিতের অন্যতম জটিল অমীমাংসিত সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করার পরপরই ওয়াংয়ের এই সতর্কবার্তা সামনে আসে। তিনি উল্লেখ করেন যে সাম্প্রতিক এআই অগ্রগতিগুলো প্রমাণ করে যন্ত্রের সক্ষমতা দ্রুত বিকশিত হচ্ছে এবং মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কেবল বুদ্ধিমত্তাই এখন একমাত্র বাধা নয়; বরং বিশেষায়িত জ্ঞান, অবকাঠামো ও পরীক্ষা-নিরীক্ষার বিষয়গুলো সামনে চলে আসছে।   ওয়াং আরও জানান যে উন্নত কিছু এআই ব্যবস্থা সামান্য মানবিক হস্তক্ষেপেই নিজেদের সক্ষমতা বাড়াতে পারে এবং প্রাণরসায়ন, সমরাস্ত্র ও অর্থনীতির মতো খাতে গবেষণার গতি ত্বরান্বিত করতে পারে, যা অনেক ক্ষেত্রে মানুষের পর্যবেক্ষণ বা বোঝার সীমার বাইরে চলে যেতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সমাজের নিয়ন্ত্রণ এআইয়ের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।   তাঁর মতে, এমন একটি প্রযুক্তি গড়ে তোলার চেষ্টা করা উচিত যা মানুষকে আরও ক্ষমতায়ন করবে এবং সচেতন সিদ্ধান্তের মাধ্যমে ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিত করবে। এ জন্য পুরো এআই শিল্পকে প্রচলিত ধারা থেকে সরে এসে নিরাপত্তা, অ্যালাইনমেন্ট ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে তিনি আহ্বান জানান। সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৭:২৩
কারখানা থেকে দোকান, মানুষের কাজ করছে রোবট

কারখানা থেকে দোকান, মানুষের কাজ করছে রোবট; বদলে যাচ্ছে ভবিষ্যতের কর্মজগৎ

২৩ বছরেই হাজার কোটি ডলারের এআই স্টার্টআপ, মেসেজ দিলেই বাজার করে

২৩ বছরেই হাজার কোটি ডলারের এআই স্টার্টআপ, মেসেজ দিলেই বাজার করে

নিজের অংশ নিজেই তৈরি করল রোবট

মহাকাশে এই প্রথম নভোচারীর সাহায্য ছাড়াই নিজের অংশ নিজেই তৈরি করল রোবট

আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ছবি: সংগৃহীত
১.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য, এআই দুনিয়ায় নতুন ইতিহাস গড়লো অ্যানথ্রপিক

প্রাথমিক শেয়ার বা আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ (৮১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। গত জুনে স্পেসএক্সের প্রাথমিক ৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটি।   বুধবার রাতে দেওয়া এক বিবৃতিৎতে অ্যানথ্রপিক জানায়, কোম্পানি এবং এর সাতজন সহ-প্রতিষ্ঠাতা প্রতিটি ৮৩ ডলার দরে ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। ব্লকবাস্টার এই আইপিওর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা বর্তমান মূল্যায়নে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে জায়গা করে নিয়েছে।   বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের এই জোয়ারের মধ্যে একদিকে যেমন বিশাল সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে ২০০০ সালের ডট-কম বুদবুদের মতো কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কি না—তা নিয়েও আলোচনা চলছে। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে রিটার জানান, ত্রিশ বছর আগে ইন্টারনেট যেমন জীবন বদলে দিয়েছিল, আজ কৃত্রিম বুদ্ধিমত্তাও ঠিক তেমনই পরিবর্তন আনবে এবং ক্যানসার ও ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসায় অ্যানথ্রপিকের এআই মডেলগুলো বড় ভূমিকা রাখবে বলে বিনিয়োগকারীরা আশাবাদী।   আইভস মনে করেন, সামনে কয়েক বছরে এআই বিপ্লবে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার মূলধনী ব্যয় হতে পারে এবং সেই বিস্তারে অ্যানথ্রপিক অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে থাকবে।   অ্যানথ্রপিকের এই বড় সাফল্যের খবরের প্রভাবে ওয়াল স্ট্রিট চালুর আগে নাসডাক ফিউচার্স ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এশিয়ার বাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; জাপানের নিক্কেই ২২৫ সূচক ০ দশমিক ৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ০ দশমিক ৯ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে, তবে হংকংয়ের হ্যাং সেং সূচক ২ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।   সূত্র: আল জাজিরা

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১১:৫৬
দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। ছবি: সংগৃহীত

১৩ বছরের অপেক্ষার অবসান: রেকর্ড গড়া ‘জিটিএ ৬’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়

চুলের গোড়ায় বৈদ্যুতিক উদ্দীপনা ও বিশেষ উপাদান পৌঁছে দিতে তৈরি হয়েছে পরীক্ষামূলক চিরুনি ডিট্যাঙ্গল। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চুল পড়া রোধে চীনের বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, বৈদ্যুতিক চিরুনিতে ফিরবে হারানো চুল

উবার ইটসের নতুন চমক

ডেলিভারিম্যান নয়, আকাশপথে খাবার নিয়ে আসবে ড্রোন, উবার ইটসের নতুন চমক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...