টিউশনের জমানো টাকায় বিদেশ যাওয়ার প্রস্তুতি, এবার যুক্তরাষ্ট্রে পিএইচডি করবেন উচ্ছাস
সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও গবেষণাগারে সময় কাটাতেন। এরপর একের পর এক টিউশন করিয়ে রাতে ফিরতেন বাসায়। সেখানে অপেক্ষা করত ক্যানসারে আক্রান্ত বাবার সেবার দায়িত্ব। পরিবারের কঠিন সময়ের মধ্যেও থেমে থাকেনি উচ্চশিক্ষার স্বপ্ন। টিউশনের আয় থেকে নিজের পড়াশোনা, আইইএলটিএস পরীক্ষা ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদনের খরচ চালিয়েছেন চট্টগ্রামের উচ্ছাস সিকদার। সেই অধ্যবসায়ের ফল হিসেবে এবার যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাচ্ছেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী উচ্ছাস শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। মায়ামি বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের পূর্ণ বৃত্তিতে ‘হিউম্যান গাট মাইক্রোবায়োটা’ নিয়ে পিএইচডি গবেষণা করবেন তিনি।
মানুষের অন্ত্রে থাকা অণুজীব বা গাট মাইক্রোবায়োম নিয়ে তাঁর গবেষণার লক্ষ্য ব্যক্তিভেদে রোগের ঝুঁকি বোঝা এবং ভবিষ্যতে রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা নির্ধারণে গবেষণাভিত্তিক জ্ঞান তৈরি করা। ডায়াবেটিস, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের ক্ষেত্রেও এই গবেষণার সম্ভাব্য গুরুত্ব রয়েছে।
উচ্ছাসের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। তবে বেড়ে উঠেছেন চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকায়। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। দুই পরীক্ষাতেই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে ভর্তি হন।
স্নাতক ও স্নাতকোত্তর দুই পর্যায়েই তাঁর সিজিপিএ ৩ দশমিক ৯৬। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই টিউশন করে নিজের পড়াশোনার খরচ চালাতেন তিনি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগে ক্লাস ও গবেষণাগারে কাজ করার পর টিউশন করাতেন। কখনো টানা দুটি, আবার কখনো চারটি টিউশনও করতে হয়েছে তাঁকে।
বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির খরচও এসেছে সেই টিউশনের আয় থেকে। পরিবারের আর্থিক প্রয়োজন কোনো মাসে তুলনামূলক কম থাকলে উপার্জনের কিছু অংশ জমিয়ে রাখতেন। সেই সঞ্চয় থেকেই আইইএলটিএস পরীক্ষা ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদনের খরচ মেটান। পিএইচডিতে ভর্তির জন্য পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছিল তাঁর।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই বিদেশে গবেষণার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান উচ্ছাস। ২০২৩ সালে চতুর্থ বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় ১৫ দিনের ইন্টার্নশিপে জাপানে যান তিনি। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফিজিওলজিক্যাল সায়েন্সেসে অসুস্থ প্রাণীর ওপর প্রাকৃতিক উপাদান ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করার কাজ শেখেন।
তবে স্নাতকোত্তরে ওঠার পর তাঁর জীবনে শুরু হয় সবচেয়ে কঠিন অধ্যায়। ২০২৪ সালের শুরুতে বাবা কানু সিকদারের ক্যানসার শনাক্ত হয়। বড় দুই বোন বিবাহিত হওয়ায় মা কৃষ্ণা সিকদারই মূলত বাসায় বাবার দেখাশোনা করতেন। এমন পরিস্থিতিতে নিজের গবেষণা, থিসিস, বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি এবং পরিবারের দায়িত্ব একসঙ্গে সামলাতে হয় উচ্ছাসকে। বাবার চিকিৎসার জন্য একপর্যায়ে প্রায় এক মাস ভারতেও থাকতে হয়েছিল তাঁকে।
সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে উচ্ছাস বলেন, ছাত্রজীবনে সব সময় চেষ্টা করেছেন নিজের খরচ নিজেই চালাতে, যাতে পরিবারের ওপর বাড়তি চাপ না পড়ে। কিন্তু বাবার ক্যানসার ধরা পড়ার পর পরিস্থিতি কঠিন হয়ে যায়। দিনের বেশির ভাগ সময় বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কাজ করে এরপর ট্রেনে শহরে এসে টিউশন করাতেন। রাত ৯টা বা ১০টার দিকে বাসায় ফিরে বাবার সেবাযত্ন করতেন। তখন তাঁর সামনে বড় প্রশ্ন ছিল ক্যারিয়ার গড়বেন, নাকি পরিবারের পাশে থাকবেন।
২০২৫ সালের অক্টোবরে মারা যান উচ্ছাসের বাবা। সে সময় তাঁর স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা চলছিল। বাবার মৃত্যুর পর তাঁর মানসিক অবস্থার কথা বিবেচনা করে একটি পরীক্ষা স্থগিত করেছিল বিভাগ।
উচ্ছাস বলেন, অনেক মানুষের সহযোগিতায় তিনি এত দূর আসতে পেরেছেন। শিক্ষক, বন্ধু ও জুনিয়ররা সব সময় পাশে ছিলেন। তাঁর ভাষায়, বাবার ক্যানসারের সময়কার দুই বছরই ছিল জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। সেই সময় পার করে আসার পর আর কোনো চ্যালেঞ্জকেই অসম্ভব মনে হয়নি।
যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতিতেও নিজের সঞ্চয় কাজে লাগাচ্ছেন উচ্ছাস। বিমানভাড়া ও সেখানে প্রথম এক মাসের জীবনযাত্রার খরচ মিলিয়ে প্রায় দেড় লাখ টাকা প্রয়োজন হবে। এর একটি অংশ নিজের সঞ্চয় থেকে এবং বাকি অর্থ পরিবার থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
মায়ামি বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর তাঁর আর্থিক চাপ অনেকটাই কমবে। বিশ্ববিদ্যালয় থেকে প্রতি মাসে ২ হাজার ৬৭৪ মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন তিনি। পাশাপাশি প্রথম বছরের ২৯ হাজার ৫৬৬ মার্কিন ডলার টিউশন ফি মওকুফ করা হয়েছে। পিএইচডি শেষে দেশে ফিরে নিজের গবেষণার অভিজ্ঞতা কাজে লাগাতে চান উচ্ছাস।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে উচ্ছাসের পরামর্শ, প্রথমেই নিজের লক্ষ্য ঠিক করতে হবে। তথ্য সংগ্রহের পাশাপাশি গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে এবং নিজের সক্ষমতা নিয়ে হীনম্মন্যতায় ভোগা যাবে না। শুধু সিজিপিএ কম বলে সুযোগ পাওয়া যাবে না এমন ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে। সঠিক প্রস্তুতি থাকলে প্রত্যেকেরই চেষ্টা করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজে আসলে কী চান, সে বিষয়ে পরিষ্কার থাকা।
উচ্ছাসের গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক আদনান মান্নান বলেন, প্রচণ্ড ব্যক্তিগত শোক, হতাশা ও অসহনীয় কাজের চাপের মধ্যেও উচ্ছাস যেভাবে নিজেকে ধরে রেখেছেন এবং প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, তা অনন্য। তিনি উচ্ছাসকে নিয়ে গর্বিত এবং বলেন, উচ্ছাস কখনো হার মানেননি কিংবা হতাশার কাছে আত্মসমর্পণ করেননি।
টিউশনের আয় দিয়ে নিজের পড়াশোনা চালানো থেকে শুরু করে বাবার দীর্ঘ চিকিৎসাকালীন দায়িত্ব সামলে বিদেশে পিএইচডির প্রস্তুতি নেওয়া, উচ্ছাসের পথটি ছিল একাধিক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার গল্প। এবার সেই দীর্ঘ প্রস্তুতির পর যুক্তরাষ্ট্রে নতুন এক অধ্যায়ের শুরু হতে যাচ্ছে তাঁর।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
শিক্ষা
View moreআমেরিকায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ নিয়ে নতুন অগ্রগতি হয়েছে। ফেডারেল আদালতের সাময়িক নিষেধাজ্ঞার পর নিউইয়র্কের বার্নার্ড কলেজ বসন্ত ২০২৭ সেমিস্টারের জন্য বিদেশি শিক্ষার্থীদের অফ-ক্যাম্পাস ইন্টার্নশিপের আবেদন আবার গ্রহণ ও অনুমোদনের প্রক্রিয়া শুরু করছে। এতে এফ-১ শিক্ষার্থী ভিসায় পড়াশোনা করা শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, বার্নার্ড কলেজ গত ২৫ নভেম্বর শিক্ষার্থীদের এ সিদ্ধান্তের কথা জানায়। এর আগে ১৬ নভেম্বর কলেজটি বসন্ত সেমিস্টারের জন্য অফ-ক্যাম্পাস ইন্টার্নশিপের অনুমোদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) গত ১২ ও ২৪ আগস্ট দুটি নির্দেশনা জারি করে। এসব নির্দেশনায় এফ-১ ভিসাধারী শিক্ষার্থীদের কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) পাওয়ার যোগ্যতা আরও কঠোরভাবে ব্যাখ্যা করা হয়। নতুন ব্যাখ্যা অনুযায়ী, কোনো ইন্টার্নশিপ বা ব্যবহারিক প্রশিক্ষণ শিক্ষার্থীর নির্দিষ্ট ডিগ্রি প্রোগ্রামের বাধ্যতামূলক অংশ হতে হবে। এতে যেসব শিক্ষার্থী একাডেমিক ক্রেডিটের বিনিময়ে ঐচ্ছিক ইন্টার্নশিপ করতে চান, তাঁদের সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এর বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো আইনি পদক্ষেপ নেয়। পরে ১৭ নভেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এসইভিপির ওই দুটি নির্দেশনা কার্যকর করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের আদেশের পর বার্নার্ড কলেজ আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বসন্ত ২০২৭ সেমিস্টারের জন্য সিপিটি আবেদন আবার প্রক্রিয়াকরণ করা হবে। তবে শিক্ষার্থীদের নির্দিষ্ট একাডেমিক শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করতে হবে। সিপিটি হলো এমন একটি কর্মসূচি, যার মাধ্যমে এফ-১ ভিসাধারী শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার সঙ্গে সরাসরি সম্পর্কিত ইন্টার্নশিপ বা ব্যবহারিক কাজে যুক্ত হতে পারেন। এ অভিজ্ঞতা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে সাহায্য করে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। আমেরিকায় উচ্চশিক্ষা নিতে আসা অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপের ওপর নির্ভর করেন। বিশেষ করে ব্যবসা, প্রযুক্তি, প্রকৌশল, যোগাযোগ ও অন্যান্য পেশাভিত্তিক বিষয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এ সুযোগ ভবিষ্যৎ চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। তবে আদালতের সিদ্ধান্তকে সব বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী অনুমোদন হিসেবে দেখা যাবে না। মামলাটি এখনো চলমান এবং বার্নার্ড কলেজের অনুমোদনও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তাই ইন্টার্নশিপ শুরু করার আগে শিক্ষার্থীদের অবশ্যই নিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী দপ্তরের কাছ থেকে সিপিটি অনুমোদন নিতে হবে। তথ্যসূত্র: মানিকন্ট্রোল 874 এসকিউ
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চার বছরের ভিসা সীমা বাতিল, স্বস্তিতে বাংলাদেশিরাও
জিপিএ কমলেই বন্ধ হতে পারে সরকারি শিক্ষা সহায়তা, ঝুঁকিতে ১৮ লাখ শিক্ষার্থী
উচ্চশিক্ষায় পুরুষদের ছাড়িয়ে গেলেন নারীরা, বৈশ্বিক হার ৪৭ বনাম ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ঋণ নেওয়া শিক্ষার্থীদের ঋণের হিসাব আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশটির কংগ্রেসে নতুন একটি বিল আবারও উত্থাপন করেছেন দুই দলের দুই আইনপ্রণেতা। গত ২০ নভেম্বর রিপাবলিকান দলের প্রতিনিধি বব ওন্ডার এবং ডেমোক্র্যাট দলের প্রতিনিধি ইউজিন ভিন্ডম্যান যৌথভাবে ‘শিক্ষাঋণের তথ্য প্রকাশে স্বচ্ছতা আইন, ২০২৬’ নামের বিলটি পুনরায় উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে শিক্ষার্থীদের ঋণ দেওয়ার আগে ঋণের সুদের হার, বিভিন্ন খরচ এবং সম্ভাব্য মাসিক কিস্তির পরিমাণ স্পষ্টভাবে জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ঋণগ্রহীতাদের প্রতি মাসে ঋণের বিস্তারিত হিসাব দেওয়ার প্রস্তাব রয়েছে। আইনপ্রণেতাদের মতে, অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ মেটাতে ঋণ নিলেও ঋণের প্রকৃত ব্যয়, সুদের পরিমাণ এবং ভবিষ্যতে কত টাকা পরিশোধ করতে হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা পান না। ফলে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের পর অনেকেই আর্থিক চাপে পড়েন। নতুন বিলটি কার্যকর হলে শিক্ষার্থীরা ঋণ নেওয়ার আগেই সম্ভাব্য মাসিক কিস্তি সম্পর্কে জানতে পারবেন। ঋণের সুদ, ফি এবং অন্যান্য খরচের তথ্যও নিয়মিত হাতে পাবেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ঋণ নেওয়ার আগে নিজেদের আর্থিক সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। রিপাবলিকান আইনপ্রণেতা বব ওন্ডার বলেছেন, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের কলেজে পড়াশোনার প্রকৃত খরচ এবং ঋণ নেওয়ার আর্থিক দায় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। অন্যদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইউজিন ভিন্ডম্যানের মতে, ঋণের জটিল শর্ত ও অস্পষ্ট হিসাবের কারণে শিক্ষার্থীদের সমস্যায় পড়া উচিত নয়। ঋণগ্রহীতাদের সহজ ভাষায় প্রয়োজনীয় তথ্য দেওয়া জরুরি। প্রস্তাবিত বিলে ঋণ দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য প্রকাশের পাশাপাশি প্রতি মাসে ঋণের হিসাব দেওয়ার বিধান রাখার কথা বলা হয়েছে। আইনটি পাস হলে অনুমোদনের পর অন্তত ১২ মাস পার হওয়া পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এর কার্যকারিতা শুরু করার প্রস্তাব রয়েছে। তবে বিলটি এখনো আইন হিসেবে পাস হয়নি। তাই শিক্ষার্থীদের জন্য মাসিক হিসাব দেওয়ার নতুন বাধ্যবাধকতাও এখনো কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার জন্য ঋণ নেওয়ার আগে সুদের হার, পরিশোধের সময়সীমা এবং অতিরিক্ত খরচ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। নতুন প্রস্তাবটি পাস হলে ঋণসংক্রান্ত তথ্য পাওয়া আরও সহজ হতে পারে। সংবাদ সূত্র: মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের প্রকাশিত বিজ্ঞপ্তি।
ভিসা জটিলতা ও ব্যয় বাড়ায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে
নিউ ইয়র্কে ৫০ হাজার ডলার পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের ঘোষণা, আবেদন চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত
ইইউ-যুক্তরাজ্য চুক্তি সম্পন্ন, টিউশন ফি নিয়ে মতবিরোধের জেরে থেকে যাচ্ছে আশঙ্কা
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের থাকার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের জেলা আদালতের বিচারক এফ ডেনিস সেইলর কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মটি সম্পূর্ণ বাতিলের নির্দেশ দেন। এতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য আগের নিয়ম বহাল থাকছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ গত ১৭ জুলাই নতুন একটি বিধিমালা প্রকাশ করেছিল। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করার পরিকল্পনা নেওয়া হয়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, অধিকাংশ বিদেশি শিক্ষার্থীকে সর্বোচ্চ চার বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়ার কথা ছিল। কোনো শিক্ষার্থীর পড়াশোনা বা গবেষণা শেষ করতে এর চেয়ে বেশি সময় প্রয়োজন হলে তাকে অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হতো। আগের নিয়মে শিক্ষার্থীরা নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং অভিবাসনসংক্রান্ত শর্ত মেনে চলার মাধ্যমে অনুমোদিত শিক্ষাক্রমের সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। নতুন নিয়ম কার্যকর হলে এই ব্যবস্থায় বড় পরিবর্তন আসত। তবে আদালত মনে করেছে, নতুন বিধিমালা তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় যুক্তি ও প্রমাণ যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার স্বাধীনতার ওপর নতুন বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের আইনগত ক্ষমতার সীমাও যথাযথভাবে বিবেচনা করা হয়নি। মামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের সংগঠন এবং শ্রমিক সংগঠন নতুন বিধিমালার বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল, এ ধরনের পরিবর্তন বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি করবে। আদালতের ১৬ নভেম্বরের চূড়ান্ত আদেশে কেন্দ্রীয় সরকারের নতুন বিধিমালাটি বাতিল করা হয়েছে। ফলে আগের অবস্থানকালীন নিয়ম আবার কার্যকর থাকছে, যদি উচ্চতর আদালত পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত স্থগিত বা পরিবর্তন না করে। এ সিদ্ধান্তের ফলে এফ-১ শিক্ষার্থী ভিসাধারীরা আগের নিয়ম অনুযায়ী অনুমোদিত শিক্ষাক্রমে ভর্তি থাকা এবং অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। তবে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, থাকার অনুমোদিত মেয়াদ এবং ভিসার মেয়াদ এক বিষয় নয়। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কেউ যুক্তরাষ্ট্রের ভেতরে বৈধ শিক্ষার্থী হিসেবে অবস্থান করতে পারেন, যদি তার অভিবাসনসংক্রান্ত অনুমোদন ও প্রয়োজনীয় শর্ত ঠিক থাকে। অন্যদিকে, পড়াশোনা শেষ করা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন, কর্মসংস্থানের অনুমতি এবং অন্যান্য অভিবাসনসংক্রান্ত নিয়ম আগের মতোই মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এই রায় গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘমেয়াদি গবেষণা, স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি অর্জনের পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য বিষয়টি স্বস্তিদায়ক হতে পারে। তবে আদালতের এই সিদ্ধান্তকে সব ধরনের শিক্ষার্থী ভিসার নিয়ম বাতিল হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত বিদেশি শিক্ষার্থীদের থাকার মেয়াদ নির্দিষ্ট করার নতুন বিধিমালার বিরুদ্ধে দেওয়া রায়। সংবাদ সূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি আদালতের নথি।
ভিসা জটিলতা ও ব্যয় বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ছাড়ছেন বিদেশি শিক্ষার্থীরা
প্রথম চেষ্টাতেই এসিটি ও স্যাট পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে চমক দেখালেন মার্কিন শিক্ষার্থী

