সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

মায়ের ছাগল বিক্রির টাকায় কেনা মোবাইল থেকে জাপানে মাইক্রোসফটের ডেটা সেন্টারে নাসিমের অবিশ্বাস্য যাত্রা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ১৭, ২০২৬ ১৩:৫২
মায়ের ত্যাগ থেকে মাইক্রোসফট, নাসিমের অনুপ্রেরণার যাত্রা (ছবি: সংগৃহীত ও সম্পাদিত)
মায়ের ত্যাগ থেকে মাইক্রোসফট, নাসিমের অনুপ্রেরণার যাত্রা (ছবি: সংগৃহীত ও সম্পাদিত)

কুষ্টিয়ার আমলা-সদরপুরের ছেলে মো. নাসিম আল আওয়াল কবি। ছোটবেলায় প্রযুক্তির প্রতি তাঁর ছিল প্রবল আগ্রহ। পরিবারের আর্থিক সংকটের কারণে সেই আগ্রহ পূরণ করা সহজ ছিল না। ইন্টারনেট ব্যবহারের জন্য একটি মোবাইল ফোন কেনার সামর্থ্যও ছিল না পরিবারের। ছেলের স্বপ্ন পূরণ করতে একসময় সংসারের একটি ছাগল বিক্রি করে দেন তাঁর মা মোছা. নাজমা। সেই টাকায় কেনা মোবাইল ফোন দিয়েই শুরু হয় নাসিমের প্রযুক্তি শেখার নতুন অধ্যায়। নানা বাধা, বিদেশের কঠিন জীবন আর একের পর এক প্রত্যাখ্যান পেরিয়ে আজ তিনি জাপানে মাইক্রোসফটের ডেটা সেন্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত।


নাসিমের গল্পের শুরু অবশ্য আরও আগে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। যাওয়ার আগে ড্রয়ারে রেখে গিয়েছিলেন একটি চিরকুট। তাতে লেখা ছিল, ‘মানুষের মতো মানুষ হয়েই তবে আমি বাড়ি ফিরব।’


সেদিনের সেই কিশোর হয়তো জানতেন না, তাঁর জীবনের পথ তাঁকে একদিন বাংলাদেশের গ্রাম থেকে জাপানের বড় একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানে নিয়ে যাবে।


নাসিমের ডাকনাম কবি। গ্রামের আর দশটা শিশুর মতো মাঠে খেলাধুলা, পুকুরে ঝাঁপ দেওয়া, গরু-ছাগলের জন্য ঘাস কাটা আর বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করেই কাটত তাঁর শৈশব। তবে ছোটবেলা থেকেই অন্যের চেয়ে আলাদা ছিল তাঁর একটি আগ্রহ। এলাকার কারও মোবাইল ফোন, টেলিভিশন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র নষ্ট হলে সেটি খুলে দেখার চেষ্টা করতেন। যন্ত্র কীভাবে কাজ করে, কোথায় সমস্যা হয়—এসব জানার আগ্রহই তাঁকে প্রযুক্তির দিকে টেনে নেয়।


নাসিমের বাবা মো. রবি সততার প্রশ্নে আপস করতে চাইতেন না। ১৯৯৬ সালে পাবনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো পদে চাকরি করার সময় দুর্নীতির সঙ্গে আপস না করার সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন বলে পরিবারের বর্ণনায় উঠে এসেছে। পরে মুদির দোকানসহ বিভিন্ন কাজ করেও সংসারে আর্থিক স্বচ্ছলতা আনতে পারেননি। ২০০৩ সালে শুরু করেন দলিল লেখার কাজ।


পরিবারের অভাব নাসিমের জীবনে নানা সীমাবদ্ধতা তৈরি করলেও বাবার সততার শিক্ষা তাঁর মনে গেঁথে যায়। নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি সৎ থাকার বিষয়টিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।


অষ্টম শ্রেণিতে বন্ধুকে নিয়ে বাড়ি ছাড়ার সেই ঘটনাও ছিল কৈশোরের এক দুঃসাহসিক অভিজ্ঞতা। রেললাইন ধরে দীর্ঘ পথ হাঁটা, পায়ে ফোসকা পড়া, রাজশাহী স্টেশনে রাত কাটানো—সবই ঘটেছিল সেই যাত্রায়। দুই কিশোরের পরিকল্পনা ছিল ট্রেনে বই বিক্রি করার। শেষ পর্যন্ত বাড়ির টানেই ফিরে আসেন নাসিম। তবে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলার যে জেদ তাঁর মধ্যে ছিল, তা হারিয়ে যায়নি।


নবম শ্রেণিতে পড়ার সময় কুষ্টিয়ার আমলা স্কুলে ডিনেটের কম্পিউটার লিটারেসি প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। কম্পিউটার শেখার জন্য ভোরে বাড়ি থেকে বের হতেন। কুয়াশা, ঝড়বৃষ্টি আর মাঠের আইল পেরিয়ে স্কুলে যাওয়ার সেই দিনগুলো তাঁর প্রযুক্তি শেখার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


পরে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার প্রযুক্তি বিভাগে ভর্তি হন নাসিম। কিন্তু কম্পিউটার প্রযুক্তি শেখার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করে নিজের দক্ষতা বাড়ানোর জন্য একটি ডিভাইস প্রয়োজন ছিল। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সেটি কেনা সম্ভব হচ্ছিল না। তখন ছেলের পাশে দাঁড়ান তাঁর মা। সংসারের একটি ছাগল বিক্রি করে সেই টাকা দিয়ে ছেলেকে একটি মোবাইল ফোন কিনে দেন।


সেই ফোনটিই হয়ে ওঠে নাসিমের শেখার প্রধান মাধ্যম। ফোনটিকে মডেম হিসেবে ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হতেন। অনলাইনে ভিডিও দেখে বিভিন্ন বিষয় শিখতেন, প্রযুক্তিবিষয়ক ফোরামে প্রশ্ন করতেন এবং নিজের সমস্যার সমাধান খুঁজতেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে এভাবেই নিজের উদ্যোগে দক্ষতা অর্জন করতে থাকেন তিনি।


যে ডিনেটের কর্মসূচিতে একসময় শিক্ষার্থী হিসেবে কম্পিউটার শিখেছিলেন, ২০১২ সালে সেই প্রতিষ্ঠানেই প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পান নাসিম। পরে প্রোগ্রাম অ্যাসোসিয়েট এবং সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। কাজের অংশ হিসেবে বাংলাদেশের ৬৪ জেলার প্রায় ৩৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে প্রায় তিন হাজার শিক্ষককে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।


একসময় যে প্রতিষ্ঠানে নিজে শিখেছিলেন, পরে সেখানেই অন্যদের শেখানোর দায়িত্ব পান নাসিম। তাঁর কর্মজীবনের এই অভিজ্ঞতা প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার পথ আরও শক্ত করে।


২০১৮ সালের শেষ দিকে জাপানে পাড়ি জমান তিনি। বিদেশে যাওয়ার খরচ জোগাতে ব্যাংকঋণ, ধার করা টাকা এবং পরিচিতজনদের সহযোগিতা নিতে হয়েছিল। জাপানে পৌঁছে প্রথমে নাগোয়ার একটি গাড়ি কারখানার উৎপাদন লাইনে কাজ শুরু করেন। নতুন ভাষা, সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি করতে হয়েছে শারীরিক পরিশ্রমের কাজও। কিন্তু প্রযুক্তি খাতে কাজ করার স্বপ্ন থেকে সরে আসেননি।


২০২০ সালের মে মাসে জাপানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এনটিটি কমিউনিকেশনে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন নাসিম। সেখানে সাবমেরিন কেবলের সিগন্যাল পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক গ্রাহকদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার দায়িত্ব পালন করেন। পাঁচ বছর আট মাসের অভিজ্ঞতায় নেটওয়ার্ক পরিচালনা ও প্রযুক্তিগত সমস্যা সমাধানে তাঁর দক্ষতা আরও বাড়ে।


চাকরির পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টাও চালিয়ে যান তিনি। অনলাইনে ৪০টির বেশি কোর্স ও সার্টিফিকেশন সম্পন্ন করেন। সিনেমা, গান ও বিভিন্ন অনলাইন উপকরণ ব্যবহার করে ইংরেজি শেখেন। টোয়েক পরীক্ষায় ৮৭৫ নম্বর পাওয়ার পাশাপাশি জাপানি ভাষার এন৪ পরীক্ষায়ও উত্তীর্ণ হন।


তবে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন পূরণ করতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন নাসিম। অ্যামাজন, গুগল, অ্যাপল, ওরাকল ও আইবিএমের মতো প্রতিষ্ঠানে আবেদন করেও সফল হননি। ২০২২ সালে মাইক্রোসফটে আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছিলেন।


কিন্তু প্রতিবার ব্যর্থ হওয়ার পর থেমে না গিয়ে নিজের ঘাটতি খুঁজেছেন। কোন দক্ষতা আরও বাড়ানো দরকার, কী শিখলে পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত হওয়া যাবে—সেদিকেই মনোযোগ দিয়েছেন।


অবশেষে ২০২৫ সালের ডিসেম্বরে মাইক্রোসফট জাপানে যোগ দেন নাসিম। তিনি প্রতিষ্ঠানটির ক্লাউড অপারেশনস অ্যান্ড ইনোভেশনস (CO+I) দলের সঙ্গে কাজ করছেন। এই দল মাইক্রোসফটের ডেটা সেন্টারের অবকাঠামো নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। অ্যাজুর ও মাইক্রোসফট ৩৬৫-এর মতো ক্লাউড সেবা সচল রাখতে এসব ডেটা সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


নিজের যাত্রা সম্পর্কে নাসিমের বক্তব্য, তিনি কখনো অসাধারণ ছাত্র ছিলেন না, কিন্তু হাল ছাড়েননি। প্রতিটি প্রত্যাখ্যানকে শেষ হিসেবে না দেখে নতুন একটি প্রশ্ন হিসেবে নিয়েছেন, যার উত্তর তাঁকে খুঁজে বের করতে হয়েছে।


বাংলাদেশের তরুণদের জন্যও রয়েছে তাঁর পরামর্শ। নাসিম মনে করেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করলেই হবে না; হাতে-কলমে কাজের দক্ষতা বাড়াতে হবে। ইংরেজিতে দক্ষতা অর্জন, সাইবার নিরাপত্তার মৌলিক বিষয়গুলো শেখা এবং অনলাইনে থাকা শিক্ষার সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।


ভবিষ্যতে বাংলাদেশের তরুণদের প্রযুক্তি খাতে এগিয়ে যেতে সহযোগিতা করতে চান নাসিম। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাঁদের শেখার পথ সহজ করা এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে উৎসাহ দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।


একসময় বাড়ি ছেড়ে যাওয়ার আগে চিরকুটে নিজের জীবনের লক্ষ্য লিখে রাখা সেই কিশোরের পথচলা আজ অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। কারণ, নাসিমের গল্প শুধু মাইক্রোসফটে চাকরি পাওয়ার গল্প নয়; এটি সীমিত সামর্থ্যের মধ্যেও শেখার চেষ্টা, মায়ের আত্মত্যাগ এবং বারবার ব্যর্থ হয়েও নতুন করে শুরু করার গল্প। মায়ের বিক্রি করা একটি ছাগলের টাকায় কেনা মোবাইল ফোন থেকে শুরু হওয়া সেই যাত্রা তাঁকে পৌঁছে দিয়েছে জাপানের প্রযুক্তি খাতে নতুন এক অধ্যায়ে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
ঢাকার ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না চুরি, নিরাপত্তারক্ষীদের  মোরগ পোলাও খাইয়ে অচেতন করার অভিযোগ
ঢাকার ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না চুরি, নিরাপত্তারক্ষীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার অভিযোগ

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ২ হাজার ভরি গয়না চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া গয়নার মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন চার নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।   শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক অমিত ঘোষ জানিয়েছেন, চুরি হওয়া গয়নার পরিমাণ আনুমানিক ২ হাজার ভরি। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও খোয়া গেছে।পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো হয়েছিল। এরপর কয়েকজন নিরাপত্তাকর্মী অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গয়না নিয়ে যায়। তবে খাবারের সঙ্গে ঠিক কী মেশানো হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।   দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। তাঁর দাবি, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেন। ভেতরে ঢোকার পর তাঁদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।ধানমন্ডি থানার কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাকর্মীদের একটি অংশের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। অন্যদিকে, সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোকানের পক্ষ থেকে ঘটনার পর তিন নিরাপত্তাকর্মীকে খুঁজে না পাওয়ার কথাও জানানো হয়েছে।   ঘটনার পর পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। চুরিতে ব্যবহৃত তালা কাটার একটি বৈদ্যুতিক যন্ত্রও ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ ও সিআইডি সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বিপুল পরিমাণ গয়না ও নগদ অর্থ চুরির এ ঘটনায় ধানমন্ডির ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে।   সংবাদ সূত্র প্রথম আলো   ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:৫২
ভিসা ছাড়াই ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের, তবে সবাই পাবেন না এই সুবিধা

ভিসা ছাড়াই ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের, তবে সবাই পাবেন না এই সুবিধা

কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা

কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত
বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিশ্বের নামিদামি পোশাক ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথম ১৮ দিনেই প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। এর বেশির ভাগই গেছে প্রতিবেশী দেশ ভারতে।   শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশের তিন পোশাক কারখানার মালিকের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, সরিয়ে নেওয়া এসব ক্রয়াদেশের পরিমাণ সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ।   পোশাকশিল্পের নেতারা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাচ্ছে। এই সুবিধাকে কাজে লাগিয়েই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। ভারতের পাশাপাশি এখন ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভে পোশাকশিল্পে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। দেশের উৎপাদনশিল্পের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও পোশাক খাতনির্ভর।   এর মধ্যেই বুধবার (২৫ নভেম্বর) পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে মজুরি বোর্ড। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে শ্রমিকদের প্রত্যাশার তুলনায় এই বৃদ্ধি কম হওয়ায় নতুন করে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরিও পর্যাপ্ত নয়।দীর্ঘদিনের জ্বালানি সংকট এবং পণ্য সরবরাহে বিলম্বও আন্তর্জাতিক ক্রেতাদের বিকল্প দেশের দিকে ঠেলে দিচ্ছে। বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন চৌধুরীর মতে, প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পোশাক উৎপাদন ও সরবরাহ করতে পারলেও বাংলাদেশে প্রায় ১২০ দিন সময় লাগে। ঢাকার আশপাশের কারখানাগুলো শ্রমিক অসন্তোষের কারণে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন হারিয়েছে। জমে থাকা ক্রয়াদেশ সময়মতো সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত কর্মঘণ্টায় উৎপাদন এবং বেশি খরচে উড়োজাহাজে পণ্য পাঠানোর কথা ভাবছে।   বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান মনে করেন, উৎপাদনে বিঘ্ন ঘটলে সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা সম্ভব। তবে কারখানার মালিকদের বড় উদ্বেগ ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়ে। আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, নভেম্বরের শুরু থেকেই তার বেশির ভাগ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। অনেক ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, কিছু স্থগিত কিংবা বাতিল করা হয়েছে।এদিকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হয়নি জারার মূল প্রতিষ্ঠান ইনডিটেক্স। এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিও কোনো সাড়া দেয়নি।   পোশাকশিল্পের নেতাদের আশঙ্কা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে অনিশ্চয়তা অব্যাহত থাকলে সাময়িকভাবে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশ স্থায়ীভাবে হারাতে পারে বাংলাদেশ। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদন ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ। সূত্র: রয়টার্স 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১০:৪৪
আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের বিমানভাড়া হ্রাস ও ধর্মীয় সেবাকর্মীদের সহায়তার সিদ্ধান্ত জানালেন ধর্মমন্ত্রী। ছবি: সংগৃহীত

হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী, সম্মানী পাবেন ইমাম, মুয়াজ্জিন ও লাখ ধর্মীয় সেবাকর্মী

টিকটকের মাধ্যমে সম্পর্ক ও বিয়ের প্রলোভনে নারীদের আটকে রাখার অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ পেতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন অনেক শিক্ষার্থী। তবে শুধু সুন্দর ইংরেজি কিংবা নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করে ইমেইল লিখলেই অধ্যাপকদের আগ্রহ অর্জন করা যায় না। নিজের গবেষণার অভিজ্ঞতা, দক্ষতা ও আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার যোগসূত্র তুলে ধরাও গুরুত্বপূর্ণ।   যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দেওয়া মুন মোদক সামাজিক যোগাযোগমাধ্যমে এক লেখায় এ বিষয়ে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেছেন। একটি গবেষণা সম্মেলনে কয়েকজন অধ্যাপকের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন।   মুন মোদকের ভাষ্য অনুযায়ী, অধ্যাপকরা প্রতিদিন শিক্ষার্থীদের কাছ থেকে অসংখ্য ইমেইল পান। এর মধ্যে অনেক ইমেইল কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির সাহায্যে একই কাঠামো অনুসরণ করে লেখা হয়। শুধু অধ্যাপকের নাম, গবেষণার বিষয় ও গবেষণাপত্রের নাম পরিবর্তন করে পাঠানো এসব ইমেইলে শিক্ষার্থীর নিজস্ব আগ্রহ অনেক সময় স্পষ্ট হয় না।   অধ্যাপকের গবেষণা সম্পর্কে জানুন   ইমেইল পাঠানোর আগে সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার বিষয়, সাম্প্রতিক গবেষণাপত্র ও চলমান প্রকল্প সম্পর্কে ভালোভাবে জানতে হবে। গবেষণার কোন বিষয়টি নিজের আগ্রহ ও পূর্ববর্তী অভিজ্ঞতার সঙ্গে মেলে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে। শুধু গবেষণাপত্রের নাম উল্লেখ না করে এর বিশেষ কোনো ফলাফল, পদ্ধতি বা গবেষণার প্রশ্ন কেন আগ্রহ তৈরি করেছে, সেটিও ব্যাখ্যা করা উচিত।   নিজের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরুন   শিক্ষাগত যোগ্যতা, থিসিস, প্রকাশিত গবেষণাপত্র, গবেষণার পদ্ধতি ও অর্জিত দক্ষতা সংক্ষিপ্তভাবে উল্লেখ করতে হবে। এসব অভিজ্ঞতা সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণায় কীভাবে কাজে লাগতে পারে, সেটিও তুলে ধরা গুরুত্বপূর্ণ।   নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ করুন   নিজেকে সব বিষয়ে দক্ষ হিসেবে উপস্থাপন করার প্রয়োজন নেই। কোনো নির্দিষ্ট গবেষণাপদ্ধতিতে অভিজ্ঞতা না থাকলেও নতুন প্রযুক্তি ও পদ্ধতি শেখার আগ্রহ এবং গবেষণায় অবদান রাখার মানসিকতা প্রকাশ করা যেতে পারে। তবে নিজের যোগ্যতা সম্পর্কে অতিরঞ্জিত বা ভুল তথ্য দেওয়া উচিত নয়।   ইমেইলের বিষয় ও উদ্দেশ্য স্পষ্ট রাখুন   ইমেইলের সাবজেক্টে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগ্রহ, সম্ভাব্য সেমিস্টার এবং গবেষণার বিষয় উল্লেখ করা যেতে পারে। অধ্যাপক নতুন গবেষক বা শিক্ষার্থী নিয়োগ করবেন কি না এবং তাঁর গবেষণাগারে কাজের সুযোগ রয়েছে কি না, তা বিনয়ের সঙ্গে জানতে চাওয়া উচিত। অর্থায়নের সুযোগ থাকলে সে বিষয়েও জানতে পারেন শিক্ষার্থীরা।   সিভি সংযুক্ত করুন   ইমেইলের সঙ্গে হালনাগাদ একাডেমিক সিভি সংযুক্ত করা উচিত। এতে শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশনা ও প্রাসঙ্গিক দক্ষতার তথ্য থাকতে হবে। ইমেইল পাঠানোর আগে অধ্যাপকের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, বানান ও সংযুক্ত ফাইল ভালোভাবে যাচাই করে নিতে হবে।   কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পুরোপুরি নির্ভর করবেন না   মুন মোদকের পরামর্শ, ইমেইলের ইংরেজি, ব্যাকরণ ও বাক্যগঠন উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া যেতে পারে। তবে গবেষণার প্রতি নিজের আগ্রহ, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিজের ভাষায় প্রকাশ করাই বেশি গুরুত্বপূর্ণ।   অধ্যাপককে পাঠানো একটি কার্যকর ইমেইলে তিনটি বিষয় স্পষ্ট থাকা প্রয়োজন। শিক্ষার্থী কে, কেন নির্দিষ্ট অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করছেন এবং কেন তাঁর অধীনে গবেষণা করতে চান। তবে অধ্যাপকের সঙ্গে যোগাযোগ কিংবা ইতিবাচক উত্তর পাওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা স্কলারশিপ নিশ্চিত হওয়ার সমতুল্য নয়।   সূত্র : linkdin    871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৩:২৩
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

ইতালির বারিতে সাইকেল চালিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি যুবক জুনাইদ আহমেদ। ছবি: সংগৃহীত

ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...