সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ১২, ২০২৬ ০:১৫
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ বাংলাদেশি। তাঁদের পরিচয় শনাক্ত করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। নিহত দুজন হলেন বগুড়ার শাহেদ আহমেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরী। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। হামলার পর বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় রিয়াদে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রীও আটকা পড়েছিলেন।


বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় হামলার ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষের হিসাবে, হামলায় বিভিন্ন দেশের অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী হামলার সঙ্গে জড়িত বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয় এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়। 

 

 

নিহত শাহেদ আহমেদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাঁর বাবা রফিকুল ইসলাম এবং মা শাহেরা বেগম। তিনি সৌদি আরবের সাদ আল-ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির জেদ্দার একটি প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন। ভাইয়ের মৃত্যুর পর ছুটি কাটাতে বাংলাদেশে এসেছিলেন শাহেদ। ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে রিয়াদ বিমানবন্দরে হামলার শিকার হন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


অন্য নিহত নাসরুল্লাহ বদরপুরীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তাঁর বাবা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন তিনি। রিয়াদ বিমানবন্দরে যাত্রাবিরতির সময় সেখান থেকে জেদ্দাগামী সংযোগ ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। এ সময়ই হামলার ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, নাসরুল্লাহ ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সহকারী উপপরিচালক বা সহকারী মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। 

 

 

আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং তাঁদের বৈধ আবাসন ও কাজের অনুমতিপত্র রয়েছে। বাকি ১৩ জন ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। তাঁদের অনেকে রিয়াদে যাত্রাবিরতির সময় জেদ্দাগামী ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা, পরিচয় ও পরিবারের তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।


আহতদের মধ্যে হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুক কিং আবদুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে হাফেজ হাসানের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকায়। তাঁর বাবা ইসহাক ও মা কামালা বেগম। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের কাজী নুরুল্লাহর বাবা কাজী জয়নাল মিয়া এবং মা শিউলি বেগম। দুজনই ওমরাহ পালনে গিয়ে রিয়াদ বিমানবন্দরে যাত্রাবিরতির সময় আহত হন। মো. ওমর ফারুক সৌদি আরবে কর্মরত ছিলেন এবং কাজের উদ্দেশ্যে জেদ্দা যাওয়ার জন্য বিমানবন্দরে অবস্থান করছিলেন। দূতাবাসের প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।


নওগাঁর রানীনগর উপজেলার বদরপুর গ্রামের সাফফাত রহমান ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. দাউদুল ইসলাম রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাফফাতের বাবা মোখলেছার রহমান ও মা রোকেয়া বেগম। দাউদুলের বাবা মো. মহিব উল্লাহ এবং মা রোকেয়া বেগম। দুজনই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সাফফাত অচেতন অবস্থায় রয়েছেন।


ঢাকার লালবাগের আমলিগোলা এলাকার মো. সাইদুল ইসলাম সোরভ এবং মিরপুরের জনতা হাউজিং এলাকার আবুল মনসুর মো. রিয়াজ উদ্দিন রিয়াদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। সাইদুলের বাবা মো. আবদুল হাই এবং মা রহিমা বেগম। রিয়াজ উদ্দিনের বাবা মো. আবুল ফজল এবং মা তাজকেরা বেগম। দুজনই ওমরাহ পালনে গিয়ে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার অপেক্ষায় ছিলেন। এ ছাড়া ঢাকার ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মো. আবদুল্লাহ প্রিন্স সুলতান সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর বাবা মো. মোখতার আহমেদ এবং মা ফজিলাতুন নেসা।


ঢাকার কামরাঙ্গীরচরের ইব্রাহিমনগর এলাকার আরমান হোসেন এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ আবদুল হক সুলাইমান আল-হাবিব হাসপাতালের তাখাসুসি শাখায় চিকিৎসাধীন। আরমানের বাবা মজিবুল হক এবং মা শামসুন নাহার। সৌদি আরবে কর্মরত রফিক মিয়া কিংডম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, ইসমাইল হোসেন, মিসবাহ উদ্দিন হীরা ও রায়হানুল ইসলাম কিং ফাহাদ মেডিকেল সিটিতে চিকিৎসাধীন। ইসমাইল ও রায়হানুল সৌদি আরবে কর্মরত। মিসবাহ উদ্দিনের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সালমা আক্তার, শাহাদাত হোসেন, মোশাদ আহমেদ সাইকাত, জাহিদ আহমেদ এবং সবে সাদেক মো. শাহজাহান সরকার। তাঁরা সবাই সৌদি আরবে কর্মরত এবং তাঁদের বৈধ আবাসন ও কাজের অনুমতিপত্র রয়েছে। এ ছাড়া আসাদুল ইসলাম ও জামাল অ্যাস্টার সানাদ হাসপাতালে, নাজমা আক্তার সুলাইমান ফাকিহ হাসপাতালে এবং উমাইর ও আবদুল্লাহ কামিল সুলাইমান আল-হাবিব হাসপাতালের আল সাহাফা শাখায় চিকিৎসা নিচ্ছেন। আহতদের কয়েকজনের পূর্ণ পরিচয় ও পারিবারিক তথ্য এখনো নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


হামলার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। তাঁদের মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া যাত্রী, ওমরাহ পালন করতে যাওয়া ব্যক্তি এবং সৌদি আরবের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা ছিলেন। তাঁদের দুর্ভোগ কমাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস বিমানবন্দর কর্তৃপক্ষ, সৌদি অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে বিকল্প যাত্রার ব্যবস্থা করে।


দূতাবাসের উদ্যোগে টার্মিনাল-৩-এ থাকা প্রায় ১০০ যাত্রীর জন্য ম্যারিয়ট ও র‌্যাডিসন হোটেল এবং প্রিন্সেস নুরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া ইহরাম পরিহিত অবস্থায় বাংলাদেশ থেকে ওমরাহ পালনে যাওয়া ৬৭ জনকে বিশেষ বাসে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানো হয়। রিয়াদ থেকে ঢাকাগামী সৌদি এয়ারলাইনসের এসভি৮০৪ ফ্লাইট বাতিল হওয়ায় ওই ফ্লাইটের প্রায় ৪০০ বাংলাদেশি যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


এদিকে রিয়াদ থেকে বাহরাইনগামী সৌদি এয়ারলাইনসের দুই বাংলাদেশি কর্মীকেও সহায়তা করেছে দূতাবাস। তাঁদের আল খোবারের স্থলসীমান্ত দিয়ে বাহরাইনে যাওয়ার ব্যবস্থা করা হয়। দূতাবাস আহত ব্যক্তিদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ, স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং আটকে পড়া যাত্রীদের বিকল্প যাত্রার ব্যবস্থা করতে কাজ চালিয়ে যাচ্ছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক মানুষের জীবন ও বেসামরিক অবকাঠামোকে ঝুঁকিতে ফেলে এমন হামলা অগ্রহণযোগ্য। বাংলাদেশ সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে চলমান সংঘাত বন্ধ, বেসামরিক মানুষের সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সরকার।


সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্য ডেইলি স্টার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
ঢাকার ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না চুরি, নিরাপত্তারক্ষীদের  মোরগ পোলাও খাইয়ে অচেতন করার অভিযোগ
ঢাকার ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না চুরি, নিরাপত্তারক্ষীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার অভিযোগ

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ২ হাজার ভরি গয়না চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া গয়নার মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন চার নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।   শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক অমিত ঘোষ জানিয়েছেন, চুরি হওয়া গয়নার পরিমাণ আনুমানিক ২ হাজার ভরি। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও খোয়া গেছে।পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো হয়েছিল। এরপর কয়েকজন নিরাপত্তাকর্মী অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গয়না নিয়ে যায়। তবে খাবারের সঙ্গে ঠিক কী মেশানো হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।   দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। তাঁর দাবি, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেন। ভেতরে ঢোকার পর তাঁদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।ধানমন্ডি থানার কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাকর্মীদের একটি অংশের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। অন্যদিকে, সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোকানের পক্ষ থেকে ঘটনার পর তিন নিরাপত্তাকর্মীকে খুঁজে না পাওয়ার কথাও জানানো হয়েছে।   ঘটনার পর পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। চুরিতে ব্যবহৃত তালা কাটার একটি বৈদ্যুতিক যন্ত্রও ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ ও সিআইডি সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বিপুল পরিমাণ গয়না ও নগদ অর্থ চুরির এ ঘটনায় ধানমন্ডির ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে।   সংবাদ সূত্র প্রথম আলো   ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:৫২
ভিসা ছাড়াই ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের, তবে সবাই পাবেন না এই সুবিধা

ভিসা ছাড়াই ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের, তবে সবাই পাবেন না এই সুবিধা

কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা

কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত
বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিশ্বের নামিদামি পোশাক ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথম ১৮ দিনেই প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। এর বেশির ভাগই গেছে প্রতিবেশী দেশ ভারতে।   শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশের তিন পোশাক কারখানার মালিকের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, সরিয়ে নেওয়া এসব ক্রয়াদেশের পরিমাণ সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ।   পোশাকশিল্পের নেতারা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাচ্ছে। এই সুবিধাকে কাজে লাগিয়েই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। ভারতের পাশাপাশি এখন ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভে পোশাকশিল্পে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। দেশের উৎপাদনশিল্পের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও পোশাক খাতনির্ভর।   এর মধ্যেই বুধবার (২৫ নভেম্বর) পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে মজুরি বোর্ড। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে শ্রমিকদের প্রত্যাশার তুলনায় এই বৃদ্ধি কম হওয়ায় নতুন করে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরিও পর্যাপ্ত নয়।দীর্ঘদিনের জ্বালানি সংকট এবং পণ্য সরবরাহে বিলম্বও আন্তর্জাতিক ক্রেতাদের বিকল্প দেশের দিকে ঠেলে দিচ্ছে। বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন চৌধুরীর মতে, প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পোশাক উৎপাদন ও সরবরাহ করতে পারলেও বাংলাদেশে প্রায় ১২০ দিন সময় লাগে। ঢাকার আশপাশের কারখানাগুলো শ্রমিক অসন্তোষের কারণে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন হারিয়েছে। জমে থাকা ক্রয়াদেশ সময়মতো সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত কর্মঘণ্টায় উৎপাদন এবং বেশি খরচে উড়োজাহাজে পণ্য পাঠানোর কথা ভাবছে।   বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান মনে করেন, উৎপাদনে বিঘ্ন ঘটলে সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা সম্ভব। তবে কারখানার মালিকদের বড় উদ্বেগ ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়ে। আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, নভেম্বরের শুরু থেকেই তার বেশির ভাগ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। অনেক ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, কিছু স্থগিত কিংবা বাতিল করা হয়েছে।এদিকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হয়নি জারার মূল প্রতিষ্ঠান ইনডিটেক্স। এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিও কোনো সাড়া দেয়নি।   পোশাকশিল্পের নেতাদের আশঙ্কা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে অনিশ্চয়তা অব্যাহত থাকলে সাময়িকভাবে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশ স্থায়ীভাবে হারাতে পারে বাংলাদেশ। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদন ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ। সূত্র: রয়টার্স 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১০:৪৪
আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের বিমানভাড়া হ্রাস ও ধর্মীয় সেবাকর্মীদের সহায়তার সিদ্ধান্ত জানালেন ধর্মমন্ত্রী। ছবি: সংগৃহীত

হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী, সম্মানী পাবেন ইমাম, মুয়াজ্জিন ও লাখ ধর্মীয় সেবাকর্মী

টিকটকের মাধ্যমে সম্পর্ক ও বিয়ের প্রলোভনে নারীদের আটকে রাখার অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ পেতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন অনেক শিক্ষার্থী। তবে শুধু সুন্দর ইংরেজি কিংবা নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করে ইমেইল লিখলেই অধ্যাপকদের আগ্রহ অর্জন করা যায় না। নিজের গবেষণার অভিজ্ঞতা, দক্ষতা ও আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার যোগসূত্র তুলে ধরাও গুরুত্বপূর্ণ।   যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দেওয়া মুন মোদক সামাজিক যোগাযোগমাধ্যমে এক লেখায় এ বিষয়ে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেছেন। একটি গবেষণা সম্মেলনে কয়েকজন অধ্যাপকের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন।   মুন মোদকের ভাষ্য অনুযায়ী, অধ্যাপকরা প্রতিদিন শিক্ষার্থীদের কাছ থেকে অসংখ্য ইমেইল পান। এর মধ্যে অনেক ইমেইল কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির সাহায্যে একই কাঠামো অনুসরণ করে লেখা হয়। শুধু অধ্যাপকের নাম, গবেষণার বিষয় ও গবেষণাপত্রের নাম পরিবর্তন করে পাঠানো এসব ইমেইলে শিক্ষার্থীর নিজস্ব আগ্রহ অনেক সময় স্পষ্ট হয় না।   অধ্যাপকের গবেষণা সম্পর্কে জানুন   ইমেইল পাঠানোর আগে সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার বিষয়, সাম্প্রতিক গবেষণাপত্র ও চলমান প্রকল্প সম্পর্কে ভালোভাবে জানতে হবে। গবেষণার কোন বিষয়টি নিজের আগ্রহ ও পূর্ববর্তী অভিজ্ঞতার সঙ্গে মেলে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে। শুধু গবেষণাপত্রের নাম উল্লেখ না করে এর বিশেষ কোনো ফলাফল, পদ্ধতি বা গবেষণার প্রশ্ন কেন আগ্রহ তৈরি করেছে, সেটিও ব্যাখ্যা করা উচিত।   নিজের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরুন   শিক্ষাগত যোগ্যতা, থিসিস, প্রকাশিত গবেষণাপত্র, গবেষণার পদ্ধতি ও অর্জিত দক্ষতা সংক্ষিপ্তভাবে উল্লেখ করতে হবে। এসব অভিজ্ঞতা সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণায় কীভাবে কাজে লাগতে পারে, সেটিও তুলে ধরা গুরুত্বপূর্ণ।   নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ করুন   নিজেকে সব বিষয়ে দক্ষ হিসেবে উপস্থাপন করার প্রয়োজন নেই। কোনো নির্দিষ্ট গবেষণাপদ্ধতিতে অভিজ্ঞতা না থাকলেও নতুন প্রযুক্তি ও পদ্ধতি শেখার আগ্রহ এবং গবেষণায় অবদান রাখার মানসিকতা প্রকাশ করা যেতে পারে। তবে নিজের যোগ্যতা সম্পর্কে অতিরঞ্জিত বা ভুল তথ্য দেওয়া উচিত নয়।   ইমেইলের বিষয় ও উদ্দেশ্য স্পষ্ট রাখুন   ইমেইলের সাবজেক্টে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগ্রহ, সম্ভাব্য সেমিস্টার এবং গবেষণার বিষয় উল্লেখ করা যেতে পারে। অধ্যাপক নতুন গবেষক বা শিক্ষার্থী নিয়োগ করবেন কি না এবং তাঁর গবেষণাগারে কাজের সুযোগ রয়েছে কি না, তা বিনয়ের সঙ্গে জানতে চাওয়া উচিত। অর্থায়নের সুযোগ থাকলে সে বিষয়েও জানতে পারেন শিক্ষার্থীরা।   সিভি সংযুক্ত করুন   ইমেইলের সঙ্গে হালনাগাদ একাডেমিক সিভি সংযুক্ত করা উচিত। এতে শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশনা ও প্রাসঙ্গিক দক্ষতার তথ্য থাকতে হবে। ইমেইল পাঠানোর আগে অধ্যাপকের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, বানান ও সংযুক্ত ফাইল ভালোভাবে যাচাই করে নিতে হবে।   কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পুরোপুরি নির্ভর করবেন না   মুন মোদকের পরামর্শ, ইমেইলের ইংরেজি, ব্যাকরণ ও বাক্যগঠন উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া যেতে পারে। তবে গবেষণার প্রতি নিজের আগ্রহ, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিজের ভাষায় প্রকাশ করাই বেশি গুরুত্বপূর্ণ।   অধ্যাপককে পাঠানো একটি কার্যকর ইমেইলে তিনটি বিষয় স্পষ্ট থাকা প্রয়োজন। শিক্ষার্থী কে, কেন নির্দিষ্ট অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করছেন এবং কেন তাঁর অধীনে গবেষণা করতে চান। তবে অধ্যাপকের সঙ্গে যোগাযোগ কিংবা ইতিবাচক উত্তর পাওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা স্কলারশিপ নিশ্চিত হওয়ার সমতুল্য নয়।   সূত্র : linkdin    871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৩:২৩
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

ইতালির বারিতে সাইকেল চালিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি যুবক জুনাইদ আহমেদ। ছবি: সংগৃহীত

ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...