সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ২৯, ২০২৬ ২৩:১২
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশকারী দেশগুলোর তালিকায় আবারও শীর্ষস্থানে বাংলাদেশ
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশকারী দেশগুলোর তালিকায় আবারও শীর্ষস্থানে বাংলাদেশ

আন্তর্জাতিক মানব পাচারবিরোধী দিবসে (৩০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের জন্য উদ্বেগজনক চিত্র। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশকারী দেশগুলোর তালিকায় আবারও শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ । শুধু ইতালি নয়, গ্রিসে সাগরপথে অভিবাসনেও নতুন রেকর্ড তৈরি করেছে দেশটি। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার স্ক্যাম, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মানবঢাল এবং নারী পাচারের মতো ঘটনা মানবপাচার সংকটকে ভয়াবহ আকার দিয়েছে।

এ বছরের মার্চে লিবিয়ার তোবরুক থেকে গ্রিসের উদ্দেশে রওনা হওয়া একটি নৌকা দিক হারিয়ে ছয় দিন খাদ্য ও পানীয় ছাড়াই ভেসে থাকে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসানের তথ্য অনুযায়ী, ওই যাত্রায় অন্তত ১৮ জন বাংলাদেশি নিহত হন, যাদের ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন । পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয় । এরপরও থামেনি মৃত্যুযাত্রা।

 

 

ব্র্যাকের গবেষণা বলছে, ইউরোপমুখী এসব অভিবাসীর বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছর। তারা মূলত মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার বাসিন্দা । ঢাকা থেকে মিসর, দুবাই বা তুরস্ক হয়ে তারা লিবিয়া পৌঁছান। গবেষণায় দেখা গেছে, ভালো কাজের প্রলোভন দেখানো হলেও ৭৫ শতাংশ কোনো কাজ পাননি। ৯৩ শতাংশ লিবিয়ায় ক্যাম্পে বন্দি ছিলেন, ৭৯ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং ৬৯ শতাংশ স্বাধীনভাবে চলাফেরার অধিকার হারিয়েছেন । জিম্মি করে পরিবারের কাছ থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত আদায়ের ঘটনাও রয়েছে । গত ছয় বছরে প্রায় ১৫ হাজার বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে ।

পাচারকারীরা এখন সামাজিক যোগাযোগমাধ্যম সক্রিয়ভাবে ব্যবহার করছে। ফেসবুকের শতাধিক গ্রুপে সাগরপথে ইতালিতে পৌঁছানো নৌকার ছবি ও যোগাযোগের তথ্য দিয়ে অন্যদের প্রলুব্ধ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামেও এমন গ্রুপ চালু রয়েছে । নতুন মানবপাচার আইন প্রণয়নের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধে আইনটি কার্যকর ভূমিকা রাখবে ।

 

 

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার স্ক্যাম মানবপাচারের নতুন রূপ হয়ে উঠেছে। কম্পিউটার অপারেটর, কল সেন্টারসহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দিয়ে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক ও টেলিগ্রামে নিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। পরে চাকরিপ্রার্থীদের কম্বোডিয়া বা মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ডে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয় । জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ১৫ হাজার ৯২১ জন বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে কম্বোডিয়ায় গেছেন, যাদের অধিকাংশই কোনো চাকরি পাননি । কম্বোডিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চলতি বছরের জুনেই ৫৮৩ জন বাংলাদেশি ভুক্তভোগী উদ্ধার হয়ে দেশে ফিরেছেন ।

ব্র্যাকের গবেষণায় ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। ফিরে আসা ৯৮ শতাংশ মানুষ চাকরির প্রতিশ্রুতি পেলেও কিছুই পাননি। ৯০ শতাংশকে জোর করে জালিয়াতিমূলক কাজে ব্যবহার করা হয়েছে। ৮৮ শতাংশের চলাফেরার স্বাধীনতা ছিল না। ৮৬ শতাংশের পাসপোর্ট ও কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছিল। ২৭ শতাংশ ভয়াবহ শারীরিক এবং ৩৮ শতাংশ মানসিক নির্যাতনের শিকার হয়েছেন । একজন ভুক্তভোগী জানান, তাদের দিয়ে বিদেশি নাগরিকদের অনলাইনে প্রতারণা করতে বাধ্য করা হতো। নির্ধারিত লক্ষ্য পূরণ করতে না পারলে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়া হতো। স্ক্যাম কম্পাউন্ডের ভেতরে আলাদা নির্যাতন কক্ষ ছিল ।

শুধু সাগরপথে ইউরোপ বা সাইবার স্ক্যাম নয়—কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও উঠেছে । ব্র্যাকের সঙ্গে রাশিয়ায় আহত কয়েকজন বাংলাদেশি উদ্ধারের জন্য যোগাযোগ করেছেন। স্বজনদের মরদেহ ফেরত আনার আবেদনও এসেছে । ইতিমধ্যে এই যুদ্ধে অর্ধশতাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে ।

কাজের আশ্বাসে নারী পাচারের ঘটনাও বাড়ছে। বিদেশে পোশাক কারখানা, গৃহকর্মী বা বিউটি পার্লারে কাজের প্রলোভনে অনেক নারীকে জোরপূর্বক ডান্স ক্লাব ও যৌন ব্যবসায় যুক্ত করার তথ্য পাওয়া গেছে । বিশেষ করে দুবাই ও মালয়েশিয়ায় ভ্রমণ ভিসায় নারী পাঠিয়ে এ ধরনের প্রতারণা নিয়মিত ঘটছে ।

বাংলাদেশ থেকে সাগরপথে রোহিঙ্গা পাচারের ধারাও অব্যাহত রয়েছে । জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা শরণার্থীদের স্টেটলেসনেস ও বাস্তুচ্যুতির দীর্ঘস্থায়ী পরিস্থিতি মানবপাচারের গুরুতর ঝুঁকি তৈরি করছে । ২০২৫ সালে ৬,৫০০ এর বেশি রোহিঙ্গা শরণার্থী সমুদ্রযাত্রায় অংশ নিয়েছেন, যেখানে প্রায় ৯০০ জন প্রাণ হারিয়েছেন। অ্যান্ডামান সাগর ও বঙ্গোপসাগরে নিখোঁজ বা মৃতের হার বিশ্বের সবচেয়ে বেশি । গত আট বছরে কক্সবাজার উপকূল থেকে মালয়েশিয়াগামী সাড়ে তিন হাজারের বেশি মানুষ উদ্ধার হয়েছে। শতাধিক মামলা হলেও পাচার থামেনি ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মানবপাচার আইনে ১ হাজার ১২৬টি নতুন মামলা হয়েছে । পুরোনো মামলাসহ ২০২৬ সালের মে পর্যন্ত মোট ৫ হাজার ২৮৪টি মামলা ঝুলে আছে। এর মধ্যে ৩ হাজার ৩০৬টি বিচারাধীন এবং ১ হাজার ৯৭৮টি তদন্তাধীন। এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫০০টি নতুন মামলা দায়ের হলেও নিষ্পত্তি হয়েছে মাত্র ১৭টি । গত দেড় বছরে দৃষ্টান্তমূলক সাজার কোনো নজির পাওয়া যায়নি; বেশিরভাগ ক্ষেত্রেই আসামিরা খালাস পেয়েছেন ।

 

 

সরকার নতুন 'মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬' প্রণয়ন করেছে । এতে অভিবাসী চোরাচালানকে আলাদা অপরাধ হিসেবে চিহ্নিত করে সংঘবদ্ধ পাচারের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে । আইনটি তদন্ত ক্ষমতা বাড়িয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ দিয়েছে এবং ভুক্তভোগীদের সুরক্ষা জোরদার করেছে । তবে ব্র্যাকের শরিফুল ইসলাম হাসান মনে করেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে । মূল অপরাধীদের বিচারের আওতায় আনা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং পাচারপ্রবণ জেলাগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা জরুরি ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
ধানমন্ডিতে প্রহরীদের অচেতন করে জুয়েলার্সে ডাকাতি, লুট ২ হাজার ভরি অলংকার
ধানমন্ডিতে প্রহরীদের অচেতন করে জুয়েলার্সে ডাকাতি, লুট ২ হাজার ভরি অলংকার

রাজধানী ঢাকার ধানমন্ডির ৬/এ এলাকার একটি শপিং মলে অবস্থিত ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গহনা এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। আজ (২৮ নভেম্বর) ভোর রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে এবং চুরির আগে নিরাপত্তারক্ষীদের অচেতন করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।   দোকানের মালিক অমিত ঘোষ সাংবাদিকদের জানান যে চোরেরা স্বর্ণ, রুপা ও হীরার গহনাসহ প্রায় ২ হাজার ভরি অলংকার ও নগদ অর্থ নিয়ে গেছে, আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান যে মালিক প্রাথমিকভাবে ১,৮০০ থেকে ২,০০০ ভরি স্বর্ণ চুরি হওয়ার তথ্য দিয়েছেন।   ‘পূরবী জুয়েলার্স’-এর সিনিয়র সেলস এক্সিকিউটিভ সঞ্জীব শীল অভিযোগ করেন, দোকানের ও শপিং মলের প্রহরীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করা হয়, যার মধ্যে দোকানের এক প্রহরীকে বিরিয়ানির সঙ্গে কিছু খাইয়ে জ্ঞান হারানো হয় বলে তিনি উল্লেখ করেন।   সঞ্জীবের দাবি, ওই দুই প্রহরী এখনো অচেতন অবস্থায় আছেন, ঘটনার পর থেকে দোকানের একজন ও শপিং মলের দুজনসহ মোট তিনজন নিরাপত্তাকর্মীকে পাওয়া যাচ্ছে না এবং সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে ডাকাতিতে দেখা গেছে; নিখোঁজ এক প্রহরীকে বহিরাগতদের দোকানে ঢুকতে সহায়তা করতেও দেখা গেছে বলে তিনি জানান।   এদিকে, এই চুরি বা ডাকাতির ঘটনায় শপিং মলের নিরাপত্তাকর্মীদের জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ। রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনায় দুইজন নিরাপত্তারক্ষী নিখোঁজ রয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য অন্য চারজনকে আটক করা হয়েছে; জড়িতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৫:১২
ঢাকার ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না চুরি, নিরাপত্তারক্ষীদের  মোরগ পোলাও খাইয়ে অচেতন করার অভিযোগ

ঢাকার ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না চুরি, নিরাপত্তারক্ষীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার অভিযোগ

ভিসা ছাড়াই ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের, তবে সবাই পাবেন না এই সুবিধা

ভিসা ছাড়াই ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের, তবে সবাই পাবেন না এই সুবিধা

কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা

কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন বাড়ানো হয়েছে। নতুন করে গোপালগঞ্জ, গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ, ময়মনসিংহের ভালুকা, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানিয়েছে বাহিনীটি। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন সদস্য রয়েছেন গোপালগঞ্জে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।   শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।   বিজিবির দেওয়া জেলা-ভিত্তিক হিসাব অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। অর্থাৎ তালিকাভুক্ত সাত এলাকার মধ্যে গোপালগঞ্জেই সবচেয়ে বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। সেখানে মোতায়েনের সংখ্যা অন্য যেকোনো এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।   বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা হচ্ছে।   নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা বা শরীরে ধারণযোগ্য ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা হচ্ছে।   এর আগের দিন শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার—এই ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য জানিয়েছিল বাহিনীটি। তখন সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত, গাজীপুরে ১৮, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে তিন এবং কক্সবাজারে সাত প্লাটুন সদস্যের কথা জানানো হয়। পরদিন নতুন করে ময়মনসিংহের ভালুকাকে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে সাভার-আশুলিয়া, গাজীপুর ও চট্টগ্রামে মোতায়েনের সংখ্যাও পরিবর্তন করা হয়েছে।   বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাহিনীটি।   তবে বিজ্ঞপ্তির মোট সংখ্যার সঙ্গে জেলা-ভিত্তিক হিসাবের একটি পার্থক্য রয়েছে। সাত এলাকার মোতায়েনের সংখ্যা যোগ করলে ১১৬ প্লাটুন হয়। এর বাইরে আরও চার প্লাটুন প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ মোতায়েন ও প্রস্তুত সদস্য মিলিয়ে সংখ্যা দাঁড়ায় ১২০ প্লাটুন।   সূত্র: বিজিবি   870 বিএইচ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২:২৬
বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের বিমানভাড়া হ্রাস ও ধর্মীয় সেবাকর্মীদের সহায়তার সিদ্ধান্ত জানালেন ধর্মমন্ত্রী। ছবি: সংগৃহীত

হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী, সম্মানী পাবেন ইমাম, মুয়াজ্জিন ও লাখ ধর্মীয় সেবাকর্মী

টিকটকের মাধ্যমে সম্পর্ক ও বিয়ের প্রলোভনে নারীদের আটকে রাখার অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।   পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।   সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে।   তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।   বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।   পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন।   এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।   ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।   পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।   সূত্র: যুগান্তর 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:২৪
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...