চাকরির ইন্টারভিউতেই ম্যালওয়্যার, উত্তর কোরিয়ার হ্যাকারদের নতুন ফাঁদ
চাকরির ইন্টারভিউ ও নিয়োগ পরীক্ষাকেই সাইবার হামলার ফাঁদে পরিণত করেছে উত্তর কোরিয়া-সংশ্লিষ্ট ‘ওয়াটারপ্লাম’ নামের একটি হ্যাকিং গ্রুপ। ভুয়া নিয়োগকারী বা প্রতিষ্ঠানের পরিচয়ে আইটি পেশাজীবীদের চাকরির প্রস্তাব দিয়ে ইন্টারভিউ, কোডিং পরীক্ষা কিংবা সফটওয়্যার সমস্যা সমাধানের নামে ক্ষতিকর ফাইল ও কোড চালাতে প্রলুব্ধ করছে তারা। এতে কম্পিউটারে ম্যালওয়্যার ঢুকে চুরি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ও ক্রিপ্টোকারেন্সি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), ডিফেন্স ডিপার্টমেন্ট সাইবার ক্রাইম সেন্টার, জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি, অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ এবং জার্মানির সংশ্লিষ্ট গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো ১৮ সেপ্টেম্বর যৌথভাবে এ বিষয়ে সতর্কতা জারি করে। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, ‘ওয়াটারপ্লাম’কে ‘কনটেজিয়াস ইন্টারভিউ’ নামেও শনাক্ত করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এই কার্যক্রমে ১০০টির বেশি দেশে অন্তত ৩০ হাজার ডিভাইস আক্রান্ত হয়েছে। একই সময়ে ৭ হাজারের বেশি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে অর্থ বা অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর হিসাবে, ভুক্তভোগীদের কাছ থেকে অন্তত ১.৭ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ১০.৭১ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উত্তর কোরিয়ায় স্থানান্তর করা হয়েছে।
মূলত সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ইঞ্জিনিয়ার এবং ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন ও ওয়েব৩ খাতের বিশেষজ্ঞরা এই হামলার প্রধান লক্ষ্য। হ্যাকাররা সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন চাকরির প্ল্যাটফর্ম, গিগ-ওয়ার্ক সেবা ও ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিপ্টোকারেন্সি বা এনএফটি প্রতিষ্ঠানের নিয়োগকারী হিসেবে পরিচয় দেওয়ার ঘটনাও শনাক্ত করেছে কর্তৃপক্ষ।
ফাঁদের পরের ধাপটি আরও গুরুত্বপূর্ণ। ভুয়া ইন্টারভিউ বা টেকনিক্যাল অ্যাসাইনমেন্টের সময় প্রার্থীকে কোনো কোড চালানো, ফাইল ডাউনলোড করা, সফটওয়্যারের সমস্যা সমাধান করা কিংবা নির্দিষ্ট প্রোগ্রাম ইনস্টল করতে বলা হয়। কিন্তু এসব নির্দেশনার আড়ালে থাকতে পারে ক্ষতিকর কোড। সেটি চালানোর পর ম্যালওয়্যার আক্রান্ত কম্পিউটারে প্রবেশ করে এবং হ্যাকাররা লগইন তথ্য, সংবেদনশীল নথি ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত তথ্য চুরি করতে পারে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আক্রান্ত ডিভাইসের মাধ্যমে ভুক্তভোগীর কর্মস্থল বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশের সুযোগও তৈরি হতে পারে। ফলে ব্যক্তিগত কম্পিউটার আক্রান্ত হওয়ার ঘটনা পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের তথ্য, মেধাস্বত্ব বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
এই ধরনের প্রতারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেস-সোয়াপ প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও আগে থেকেই এফবিআইয়ের নজরে রয়েছে। সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়া-সংশ্লিষ্ট কিছু আইটি কর্মী ভিডিও ইন্টারভিউতে নিজেদের প্রকৃত পরিচয় আড়াল করতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে। ফলে শুধু ভিডিও কলে প্রার্থীর চেহারা দেখেই পরিচয় নিশ্চিত না করে অতিরিক্ত যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা সংস্থাগুলো বিশেষ করে আইটি চাকরিপ্রার্থীদের সতর্ক থাকতে বলেছে। অচেনা নিয়োগকারীর পাঠানো কোড, ফাইল বা সফটওয়্যার নিজের মূল কম্পিউটারে চালানোর আগে তার উৎস যাচাই করা জরুরি। একইভাবে কোনো চাকরির প্রস্তাবে অস্বাভাবিকভাবে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধ, অন্য ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার কিংবা পরিচয় ও যোগাযোগের তথ্যে অসঙ্গতি থাকলে বাড়তি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এফবিআইয়ের সাইবার সতর্কতা তালিকাতেও ‘ওয়াটারপ্লাম’ বা ‘কনটেজিয়াস ইন্টারভিউ’ নিয়ে ১৮ সেপ্টেম্বরের যৌথ সতর্কবার্তাটি অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থাগুলোর মতে, চাকরির স্বাভাবিক নিয়োগপ্রক্রিয়াকে ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশের এই কৌশল আইটি পেশাজীবী ও নিয়োগদাতা—দুই পক্ষের জন্যই নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে।
Source: এফবিআই, মার্কিন ডিফেন্স ডিপার্টমেন্ট সাইবার ক্রাইম সেন্টার
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
ক্যারিয়ার
View moreযুক্তরাষ্ট্রে ৬৩টি নির্ধারিত পেশার যোগ্য ব্যক্তিদের জন্য সর্বোচ্চ তিন বছর কাজের সুযোগ রয়েছে। দেশটির বিশেষ কর্মভিসা ব্যবস্থা ট্রেড ন্যাশনাল বা টি-এন (TN) ভিসার আওতায় এই সুযোগ দেওয়া হয়। তবে এ সুবিধা বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত নয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় কেবল কানাডা ও মেক্সিকোর নাগরিকেরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি বা ইউএসএমসিএর আওতায় এই কর্মভিসা চালু রয়েছে। এর মাধ্যমে নির্ধারিত পেশায় যোগ্য ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে আগে থেকে ঠিক করা চাকরিতে কাজ করতে পারেন। যেসব শর্ত পূরণ করতে হবে টি-এন ভিসার জন্য আবেদন করতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হয়। আবেদনকারীকে কানাডা অথবা মেক্সিকোর নাগরিক হতে হবে। তাঁর পেশাটি নির্ধারিত ৬৩টি পেশার তালিকায় থাকতে হবে। যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে আগে থেকে চাকরির ব্যবস্থা থাকতে হবে এবং সংশ্লিষ্ট পেশার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা পেশাগত সনদ থাকতে হবে। অধিকাংশ পেশার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি প্রয়োজন। তবে কিছু পেশায় নির্দিষ্ট অভিজ্ঞতা, পেশাগত লাইসেন্স অথবা বিকল্প শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য। শুধু কাজের অভিজ্ঞতা থাকলেই সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ হবে না। ৬৩টি পেশার পূর্ণ তালিকা পেশাগুলো চারটি প্রধান বিভাগে ভাগ করা হয়েছে। সাধারণ ও পেশাগত কাজ (২৫টি): ১. হিসাবরক্ষক ২. স্থপতি ৩. কম্পিউটার সিস্টেম বিশ্লেষক ৪. দুর্যোগকালীন বিমা ক্ষতিপূরণ নির্ধারণকারী ৫. অর্থনীতিবিদ ৬. প্রকৌশলী ৭. বন কর্মকর্তা ৮. গ্রাফিক ডিজাইনার ৯. হোটেল ব্যবস্থাপক ১০. শিল্প নকশাবিদ ১১. অভ্যন্তরীণ নকশাবিদ ১২. ভূমি জরিপকারী ১৩. ভূদৃশ্য স্থপতি ১৪. আইনজীবী ১৫. গ্রন্থাগারিক ১৬. ব্যবস্থাপনা পরামর্শক ১৭. গণিতবিদ, পরিসংখ্যানবিদ ও বিমা পরিসংখ্যানবিদ ১৮. তৃণভূমি ব্যবস্থাপক ও সংরক্ষণ বিশেষজ্ঞ ১৯. উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা সহকারী ২০. বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞ ২১. সমাজকর্মী ২২. বনবিদ্যা বিশেষজ্ঞ ২৩. কারিগরি প্রকাশনা লেখক ২৪. নগর পরিকল্পনাবিদ ও ভূগোলবিদ ২৫. বৃত্তিমূলক পরামর্শক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা (১২টি): ২৬. দন্ত চিকিৎসক ২৭. খাদ্য ও পুষ্টিবিদ ২৮. চিকিৎসা পরীক্ষাগার প্রযুক্তিবিদ ২৯. পুষ্টিবিশেষজ্ঞ ৩০. পেশাগত পুনর্বাসন থেরাপিস্ট ৩১. ফার্মাসিস্ট ৩২. চিকিৎসক (শুধু শিক্ষকতা বা গবেষণার কাজে) ৩৩. শারীরিক চিকিৎসা বিশেষজ্ঞ ৩৪. মনোবিজ্ঞানী ৩৫. বিনোদনভিত্তিক পুনর্বাসন থেরাপিস্ট ৩৬. নিবন্ধিত নার্স ৩৭. পশু চিকিৎসক বিজ্ঞান ও গবেষণা (২৩টি): ৩৮. কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানী ৩৯. প্রাণী প্রজনন বিশেষজ্ঞ ৪০. প্রাণিবিজ্ঞানী ৪১. মৌমাছি পালন ও গবেষণা বিশেষজ্ঞ ৪২. জ্যোতির্বিজ্ঞানী ৪৩. প্রাণরসায়নবিদ ৪৪. জীববিজ্ঞানী ৪৫. রসায়নবিদ ৪৬. দুগ্ধবিজ্ঞানী ৪৭. কীটতত্ত্ববিদ ৪৮. মহামারিবিদ ৪৯. বংশগতিবিদ ৫০. ভূরসায়নবিদ ৫১. ভূতত্ত্ববিদ ৫২. ভূ-পদার্থবিজ্ঞানী ৫৩. উদ্যানতত্ত্ববিদ ৫৪. আবহাওয়াবিদ ৫৫. ওষুধবিজ্ঞানী ৫৬. পদার্থবিজ্ঞানী ৫৭. উদ্ভিদ প্রজনন বিশেষজ্ঞ ৫৮. পোলট্রি বিজ্ঞানী ৫৯. মৃত্তিকাবিজ্ঞানী ৬০. প্রাণিবিদ শিক্ষকতা (৩টি): ৬১. কলেজ শিক্ষক ৬২. ধর্মতাত্ত্বিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ৬৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কীভাবে আবেদন করবেন? কানাডার নাগরিকেরা সাধারণত যুক্তরাষ্ট্রের নির্ধারিত সীমান্ত প্রবেশকেন্দ্র অথবা প্রাক্-পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে টি-এন মর্যাদার জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে, মেক্সিকোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে টি-এন ভিসা নিতে হয়। সফল আবেদনকারীরা একবারে সর্বোচ্চ তিন বছর যুক্তরাষ্ট্রে থাকার ও সংশ্লিষ্ট পেশায় কাজের অনুমতি পেতে পারেন। নির্ধারিত শর্ত পূরণ অব্যাহত থাকলে মেয়াদ বাড়ানোর আবেদনও করা যায়। তবে এই ভিসা নিজে থেকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় না। বাংলাদেশিদের জন্য কী সুযোগ রয়েছে? এই খবরটি বাংলাদেশি চাকরিপ্রত্যাশীদের জন্য বিশেষভাবে জানা জরুরি। কারণ, কোনো বাংলাদেশি নাগরিকের তালিকাভুক্ত পেশায় স্নাতক ডিগ্রি, উচ্চতর দক্ষতা কিংবা দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও শুধু সেই যোগ্যতার ভিত্তিতে টি-এন ভিসার আবেদন করা যাবে না। এমনকি কানাডা বা মেক্সিকোর স্থায়ী বাসিন্দা হলেও সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব না থাকলে এই ভিসার যোগ্য হওয়া যায় না। অর্থাৎ, এই কর্মসূচির সুবিধা পেতে কানাডা অথবা মেক্সিকোর নাগরিকত্ব থাকা বাধ্যতামূলক। তবে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে কাজের জন্য এইচ-১বি, ও-১ এবং অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসার যোগ্যতা যাচাই করতে পারেন। প্রতিটি ভিসার জন্য আলাদা নিয়ম ও শর্ত রয়েছে। উল্লেখ্য, ৬৩টি পেশার এই তালিকা নতুন কোনো ভিসা ঘোষণা নয়। এটি আগে উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি নাফটার অধীনে চালু হয়েছিল। ২০২০ সালের ১ জুলাই ইউএসএমসিএ কার্যকর হওয়ার পরও তালিকাটি বহাল রাখা হয়েছে। তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, যুক্তরাষ্ট্রের ফেডারেল বিধিমালা। 874 এসকিউ
আমেরিকায় চাকরির বাজারে নতুন সংকেত, বেকার ভাতার আবেদন ছাড়াল ২ লাখ
জার্মানিতে ১৫৭ পেশায় কর্মী সংকট, দক্ষ বাংলাদেশিদের জন্য ইউরোপে চাকরির বড় সুযোগ
আমেরিকার তিন খাতে চাকরির চাহিদা বাড়ল, এক মাসে নতুন নিয়োগ ১ লাখ ৬৫ হাজার
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে চাকরি পাওয়ার জন্য অনেক শিক্ষার্থীকে দীর্ঘদিন চেষ্টা করতে হয়। তবে ভারতের এক তরুণ মাস্টার্স শেষ করার আগেই মেটা, অ্যামাজন, ওয়ালমার্ট ও ম্যাককিনসির মতো চারটি বড় প্রতিষ্ঠান থেকে চাকরির অফার পেয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি বেছে নেন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে। ৩২ বছর বয়সী অদ্বৈত সাঠে বর্তমানে মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসে জ্যেষ্ঠ ডেটা প্রাইভেসি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিকল্পিতভাবে লিংকডইনে যোগাযোগ এবং চাকরির ধরন অনুযায়ী জীবনবৃত্তান্ত তৈরির দুটি কৌশল তাঁর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিজনেস ইনসাইডারের ১১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অদ্বৈত ২০১৯ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসেন। বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে ইনফরমেশন সিস্টেমস বিষয়ে মাস্টার্স করতে ভর্তি হন তিনি। ২০২১ সালে তাঁর পড়াশোনা শেষ হয়। তবে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের প্রায় দেড় বছর আগে থেকেই চাকরির প্রস্তুতি শুরু করেছিলেন। শুরুতেই ঠিক করেন, ডেটা ইঞ্জিনিয়ারিং ও ডেটা প্রাইভেসি বিষয়ে ক্যারিয়ার গড়বেন। সেই লক্ষ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কোর্স বেছে নেওয়ার পাশাপাশি ইন্টার্নশিপ এবং ব্যক্তিগত প্রযুক্তি প্রকল্পের মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে থাকেন। চাকরি খোঁজার প্রথম কৌশল হিসেবে লিংকডইন ব্যবহার করেছিলেন অদ্বৈত। তবে বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, পরিচালক বা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সরাসরি চাকরি চাওয়ার পরিবর্তে তিনি যোগাযোগ করেন প্রকৌশলী ও জ্যেষ্ঠ প্রকৌশলীদের সঙ্গে। বিশেষ করে যাঁরা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতেন এবং লিংকডইনে নিয়মিত সক্রিয় ছিলেন, তাঁদের কাছেই পরামর্শ চাইতেন তিনি। বার্তায় নিজের পড়াশোনা, প্রযুক্তিগত দক্ষতা ও ক্যারিয়ারের লক্ষ্য তুলে ধরে জানতে চাইতেন, চাকরির বাজারে আরও ভালো অবস্থানে যেতে তাঁর কী কী উন্নতি করা প্রয়োজন। শুরুতে অনেক মানুষ তাঁর বার্তার জবাব দেননি। কিন্তু কয়েকজনের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ার পর গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে শুরু করেন। একজন অভিজ্ঞ প্রকৌশলী তাঁর জীবনবৃত্তান্ত দেখে জানান, সেখানে শিক্ষাগত যোগ্যতাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আগের চাকরির অভিজ্ঞতা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। অথচ যুক্তরাষ্ট্রে আসার আগে ভারতে তিন বছর কাজ করেছিলেন অদ্বৈত। জীবনবৃত্তান্তে পড়াশোনার তথ্যের আগে সেই অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দিয়ে সাজানোর পর চাকরির ইন্টারভিউয়ের ডাক বাড়তে থাকে। অদ্বৈতের ভাষ্য, তিন থেকে চারজন ভালো পরামর্শদাতা পাওয়ার পর তিনি নতুন মানুষকে বার্তা পাঠানোর পরিমাণ কমিয়ে দেন। দ্বিতীয় কৌশল ছিল চাকরির আবেদনকে দুটি ভাগে ভাগ করা। প্রথম ভাগে রাখেন সেই প্রতিষ্ঠানগুলোকে, যেখানে তিনি সত্যিই কাজ করতে আগ্রহী ছিলেন। এসব প্রতিষ্ঠানের ক্যারিয়ার ওয়েবসাইট সপ্তাহে কয়েকবার পর্যবেক্ষণ করতেন তিনি। নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দ্রুত আবেদন করতেন। প্রতিটি গুরুত্বপূর্ণ চাকরির জন্য আলাদাভাবে জীবনবৃত্তান্ত তৈরি করতেন, যাতে পদের প্রয়োজনীয় দক্ষতার সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল স্পষ্ট হয়। অন্যদিকে দ্বিতীয় ভাগে ছিল তুলনামূলক বেশি সংখ্যক প্রতিষ্ঠানে আবেদন। সেখানে একই সাধারণ জীবনবৃত্তান্ত ব্যবহার করতেন তিনি। অদ্বৈত জানিয়েছেন, প্রথম চাকরির অফারটি পান ওয়ালমার্ট থেকে। প্রতিষ্ঠানটি তাঁকে ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের একটি পদে নিয়োগের প্রস্তাব দেয়। এরপর তিনি ব্যাপক হারে আবেদন করা বন্ধ করেন। তখন শুধু এমন প্রতিষ্ঠানে আবেদন করতে থাকেন, যেখানে কাজ করার আগ্রহ বেশি এবং সুযোগ-সুবিধাও ওয়ালমার্টের প্রস্তাবের সমান বা ভালো হওয়ার সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত ম্যাককিনসি, অ্যামাজন এবং মেটা থেকেও অফার পান তিনি। চারটি প্রতিষ্ঠানের মধ্যে মেটাকেই নিজের জন্য উপযুক্ত মনে করেন। সেখানে প্রথমে মেসেঞ্জার বিভাগে কাজ শুরু করেন। গত পাঁচ বছর ধরে মেটায় কর্মরত রয়েছেন তিনি এবং এর মধ্যে প্রায় তিন বছর ডেটা প্রাইভেসি ইঞ্জিনিয়ারিংয়ের কাজে যুক্ত রয়েছেন। বর্তমান চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় নতুন প্রার্থীদের প্রস্তুতিও বদলানো প্রয়োজন বলে মনে করেন অদ্বৈত। তাঁর পরামর্শ, শুধু শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণের সনদ দেখানোর পরিবর্তে বাস্তবে কাজ করে এমন প্রযুক্তি প্রকল্প তৈরি করা উচিত। বিশেষ করে যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বাস্তবে ব্যবহার করা হচ্ছে এবং যার প্রকৃত ব্যবহারকারী রয়েছে, সেটি চাকরির ইন্টারভিউতে বেশি কার্যকর হতে পারে। পাশাপাশি বিভিন্ন এআই প্রযুক্তি কীভাবে কাজ করে, কোন পরিস্থিতিতে কোন প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সেগুলোর সীমাবদ্ধতা কী, সে সম্পর্কে ধারণা থাকা জরুরি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভর না করার পরামর্শও দিয়েছেন মেটার এই প্রকৌশলী। তাঁর মতে, ভালো প্রোগ্রামিং দক্ষতা, কোডের সঠিক কাঠামো তৈরি এবং সফটওয়্যার সিস্টেম ডিজাইনের মৌলিক জ্ঞান এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই অনেক ক্ষেত্রে কোড তৈরিতে সহায়তা করতে পারে, কিন্তু একটি প্রযুক্তিগত ব্যবস্থা কীভাবে তৈরি হবে এবং সেটির সামগ্রিক কাঠামো কেমন হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা মানুষেরই প্রয়োজন। অদ্বৈতের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে, চাকরির প্রস্তুতি আগে শুরু করা, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং প্রতিটি গুরুত্বপূর্ণ পদের জন্য পরিকল্পিতভাবে আবেদন করা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। তবে তাঁর ব্যক্তিগত সাফল্য একই কৌশলে সবার চাকরি নিশ্চিত হওয়ার প্রমাণ নয়। সংবাদসূত্র: বিজনেস ইনসাইডার
যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগে চাকরির সুযোগ , নির্দিষ্ট পদে সাইনিং বোনাস ৩০ হাজার ডলার
পাঁচ বছরে আয় ৮ গুণের বেশি, তবু অ্যামাজনের চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করলেন নাবিল খান
ইন্টেল থেকে টেসলায়! সিনিয়র টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার বাংলাদেশি সারোয়ার মোর্শেদ
সৌদি আরবের স্বাস্থ্যসেবা খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হেলথ হোল্ডিং কোম্পানির এ উদ্যোগের ফলে ২০২৬ সালে নিয়োগ, কর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণ চুক্তি এবং নতুন বিজ্ঞাপিত পদ মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টিতে। তবে এই সংখ্যা সবগুলো বর্তমানে খালি থাকা চাকরির নয়। সৌদি আরবের স্বাস্থ্য খাতে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য এ খবর গুরুত্বপূর্ণ হলেও, ঘোষিত সব পদে বিদেশিরা আবেদন করতে পারবেন—এমন নিশ্চয়তা নেই। নিয়োগের মূল লক্ষ্য যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও বিদেশি নাগরিকদের আবেদনের সুযোগ আছে কি না, তা যাচাই করা জরুরি। সৌদি আরবের ২০টি স্বাস্থ্য অঞ্চলে এসব পদ বণ্টন করা হবে। নতুন শূন্যপদগুলো বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট পেশার জন্য নির্ধারিত। কোন অঞ্চলে কোন পদে নিয়োগ হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন—এসব তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। আবেদন করতে আগ্রহীদের প্রথমে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের আনুষ্ঠানিক নিয়োগ পোর্টালে প্রবেশ করে শূন্যপদের তালিকা দেখতে হবে। এরপর নিজের যোগ্যতার সঙ্গে মেলে এমন পদ নির্বাচন করে বিজ্ঞপ্তির শর্ত যাচাই করতে হবে। সাধারণত জীবনবৃত্তান্ত, শিক্ষাগত সনদ, পেশাগত নিবন্ধন, অভিজ্ঞতার প্রমাণপত্র এবং পরিচয়সংক্রান্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে। তবে নির্দিষ্ট পদে কী কী নথি লাগবে, তা বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হতে হবে। প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে হেলথ হোল্ডিং কোম্পানি। তাই আগ্রহীদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ও শেষ সময় খেয়াল রাখা জরুরি। বাংলাদেশি প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নির্দিষ্ট নিয়োগে বিদেশি নাগরিকদের আবেদন করার সুযোগ নিশ্চিত নয়। সৌদি আরবের স্বাস্থ্য খাতে বিদেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য দক্ষ স্বাস্থ্যকর্মীদের নিয়োগের সুযোগ থাকলেও প্রতিটি পদের শর্ত আলাদা হতে পারে। সংশ্লিষ্ট পেশাগত নিবন্ধন, যোগ্যতা ও কাজের অনুমতির শর্ত পূরণ করতে হবে। চাকরিপ্রার্থীদের সতর্ক থাকতে হবে, নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আগাম টাকা চাইলে যাচাই ছাড়া অর্থ দেওয়া উচিত নয়। নিয়োগদাতার পরিচয়, চাকরির চুক্তি, বেতন, সুযোগ-সুবিধা এবং ভিসার ধরন সম্পর্কে লিখিত তথ্য নিতে হবে। বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করা এবং প্রয়োজন হলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ। সৌদি আরবের স্বাস্থ্য খাতে ২০২৬ সালে ১৯ হাজার ৬১০টি নিয়োগ, প্রশিক্ষণ চুক্তি ও নতুন শূন্যপদ মিলিয়ে কর্মসংস্থানের সুযোগের হিসাব প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নতুন বিজ্ঞাপিত শূন্যপদ ৪ হাজার ২৯১টি। তবে বাংলাদেশি চাকরিপ্রার্থীরা আবেদন করার আগে সংশ্লিষ্ট পদে বিদেশিদের যোগ্যতা ও আবেদনের অনুমতি নিশ্চিত করবেন।
যুক্তরাষ্ট্রে ৩ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে অ্যামাজন, কর্মীদের মিলবে স্বাস্থ্যবিমার সুবিধাও
মায়ের বিক্রি করা ছাগলের টাকায় কিনেন ফোন, নাসিম এখন মাইক্রোসফটে

